আটচল্লিশ বছর আগে, এই ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটচল্লিশ বছর আগে এই দিনে কোথায় ছিলাম? এই দিন বা এই মাসে? আটচল্লিশ বছর? অনেক দিন। অর্ধ শতাব্দী। আমার কাছে মনে হয় এই তো সেদিন। ঝরঝরে স্মৃতি।
গত মাসে ব্রঙ্কসে গিয়েছিলাম এক অভিষেক অনুষ্ঠানে; দক্ষিণ সুরমা সমিতির। সভাপতি মুক্তিযোদ্ধা ইশতাকুল হোসেন ও অধ্যাপক আব্দুল কাইয়ুম কথা আদায় করেছিলেন যে, আমি যাব। তাঁরা জানতেন না, অন্য কোথাও না গেলেও এখানে ঠিকই যেতাম। কারণ নাড়ির টান। দক্ষিণ সুরমার মোগলাবাজারে আমার বাড়ি। শৈশব, কৈশোর ও যৌবনের একাংশ কেটেছে এখানের ধুলোবালিতে। এখনো আছে বসত-ভিটা, জায়গা জমি। আছে আমার বাবা-মায়ের নামে দুটি স্কুল। মোগলাবাজারকে ভুলে যাওয়া মানে তো নিজেকেই ভুলে যাওয়া।
উপমহাদেশের অনেক গুণী মানুষের বাড়ি দক্ষিণ সুরমায়। তাঁদের মধ্যে রয়েছেন ব্রিটিশ-ভারত ও পাকিস্তান আমলের মন্ত্রী আব্দুর রশীদ, বসন্ত কুমার দাস, আজমল আলী চৌধুরী, বৃহত্তর সিলেটের প্রথম মুসলিম আইসিএস গজনফর আলী খান, তাঁর নাতি সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খান, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিক পীর হাবিবুর রহমান, আব্দুল হামিদ, সাবেক আইজিপি ই এ চৌধুরী, গণমানুষের কবি দিলওয়ার, বাংলাদেশের প্রথম মহিলা দাবা চ্যাম্পিয়ন রাণী হামিদ, বিমানবাহিনীর সাবেক ভারপ্রাপ্ত প্রধান এয়ার কমোডর শমসের আলী, মাওলানা বদরুল আলম (রেঙ্গা), মাওলানা নূর উদ্দিনসহ (গহরপুরী) আরও অনেকে।
দক্ষিণ সুরমা আগে কোতোয়ালি বা সদর থানার অংশ ছিল। এখন আলাদা উপজেলা, আলাদা থানা।
ইশতাকুল হোসেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শহীদ সোলেমান হোসেনের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছেন। যুদ্ধের সেসব কাহিনি আমাকে বলছিলেন। চেয়েছিলেন অভিষেকে তাঁর সভাপতির বক্তব্যেও সোলেমানের কথা বলবেন। কিন্তু সময় স্বল্পতার জন্য পারেননি। অতৃপ্তি নিয়ে বললেন, ‘আপনি কিছু লিখবেন এই বীরকে নিয়ে। ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু দিবস, তার আগেই।’ বললাম, ‘অবশ্যই, আমি শ্রদ্ধা জানাব।’
ইশতাকুল যা জানেন, আমি তা জানি না। তাঁকে অনুরোধ করব, তাঁর সহযোদ্ধাকে নিয়ে বড় করে তিনি যেন লেখেন। এই বীরের অজানা কথা তাহলে আর অজানা থাকবে না।
মোহাম্মদ সোলেমান হোসেন মদনমোহন কলেজের মেধাবী ছাত্র ছিলেন। অনেকেই জানত তিনি দক্ষিণ সুরমার। ওখানকার মকন উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। তাঁর বাড়ি সিলেট শহরতলির কামালবাজারের ছোটদীঘি গ্রামে, যা পড়েছে বিশ্বনাথ উপজেলায়। শুধু মেধাবী ছাত্রই নন, তিনি ছিলেন ছাত্রলীগের নিষ্ঠাবান কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। পাকিস্তান আমলে বিমানবাহিনীর কমিশন্ড অফিসার হতে চেয়েছিলেন। লিখিত পরীক্ষায় পাস করলেও নিয়োগকর্তারা তাঁর রাজনৈতিক বিশ্বাসের কথা জেনে তাঁকে বিমানবাহিনীতে নেয়নি। একবার চাকরির মৌখিক পরীক্ষায় তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কে তাঁর প্রিয়, রবীন্দ্রনাথ না ইকবাল?’ জবাবে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ।’ চাকরিটা আর হয়নি। এসব তথ্য জানলাম, সোলেমানকে নিয়ে জিবলু রহমানের এক লেখা থেকে।
সোলেমান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিভিন্ন ফ্রন্টে লড়াই করেন বীরত্বের সঙ্গে। বিজয়ের প্রাক্কালে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে হেলিকপ্টারে করে অবতরণ করেন সিলেট শহরতলির ধুবড়ীর হাওর এলাকায়। ওখানেই প্রচণ্ড যুদ্ধ হয় পাকিস্তানি বাহিনীর সঙ্গে। একপর্যায়ে সোলেমানের গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় হানাদাররা পায়ে গুলি করে তাঁকে আটক করে এবং ১৪ ডিসেম্বর প্রকাশ্যে তাঁকে হত্যা করে। তাঁর লাশ খুঁজে পাওয়া যায়নি।
সিলেটের দরগাগেটের ঐতিহ্যবাহী সোলেমান হল শহীদ সোলেমানের নামেই নামকরণ হয়েছে। ওটা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তন। পাকিস্তান আমলে এর নাম ছিল জিন্নাহ হল। বিজয়ের পর সেদিনের কথা আমার মনে পড়ে, তবে স্থানটা স্মরণ করতে পারছি না। সম্ভবত ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ বা মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণ হবে। ছাত্রজনতার সভায় দাবি উঠল, জিন্নাহ হলের নাম শহীদ সোলেমানের নামে রাখতে হবে। সে সময় সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ছিলেন আল ইসলাহ সম্পাদক প্রবীণ সাহিত্যিক মুহম্মদ নূরুল হক। তিনি সংসদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আজ থেকে এ হলের নাম হলো ‘শহীদ সোলেমান হল’।
বলছিলাম ডিসেম্বরের ওই দিনগুলোর কথা।
মোগলাবাজারে আমাদের বাড়ি তখন রণাঙ্গন। রেল স্টেশনের পাশেই বাড়ি। সামনে খোলা মাঠে ভারতীয় হেলিকপ্টার ওঠানামা করছে। আসা-যাওয়া করছেন সামরিক কমান্ডাররা। এর আগে দু দফা বাড়ি থেকে পালিয়ে পাশের রিফাতপুর জালালপুরে আশ্রয় নিয়েছি মা, ভাই-বোন, ভাবি, আত্মীয়-স্বজনসহ। প্রচণ্ড গোলাগুলি চারদিকে। একবার পালানোর সময় ধানি মাঠে কয়েক হাত দূরে এসে পড়ল গোলা। সম্ভবত আঘাত পেল একটি গরু। সেদিকে তাকানোর সময় নেই। ঊর্ধ্বশ্বাসে শুধু দৌড়। বাড়িতে যখন ছিলাম, কানে আসছিল মর্টার, আর কামানের গোলার শব্দ। পেছনে নিচু গর্ত বা খালে তখন নিজেদের লুকোচ্ছিলাম। শা শা করে নিচু দিয়ে উড়ে যাচ্ছে ভারতীয় বিমান। সিলেট শহরে বোমা ফেলার শব্দ শুনতে পাচ্ছি।
শুরুটা ছিল এভাবে—বিকেলে হঠাৎ দেখি পলায়নরত শত শত পাকিস্তানি সৈন্য রেল স্টেশন ও আমাদের পুকুর পারে। ওদের গন্তব্য সিলেট শহর। যৌথ বাহিনীর তাড়া খেয়ে পালাচ্ছে। ফেঞ্চুগঞ্জের দিক থেকে ওরা আসছিল। সাত মাইল দূরে শহর। পাকিস্তানি সৈন্য দেখামাত্রই আমরা বাড়ির পেছন দিক দিয়ে বের হয়ে পশ্চিমে দৌড়াতে শুরু করলাম। চোখে পড়ল, রেল স্টেশনের ওপর দিয়ে চলাচলরত ভারতীয় হেলিকপ্টারের দিকে তাক করে গুলি ছুড়ছে পাকিস্তানি সেনারা। ভয়ে আরও দ্রুত দৌড়াতে থাকলাম। কারণ, এখনই হয়তো ভারতীয় বিমান এসে বোমাবর্ষণ শুরু করবে। মাইলখানেক দূরে রিফাতপুর গ্রামে পৌঁছতেই চোখে পড়ল দক্ষিণ দিক থেকে শত শত ভারতীয় সৈন্য এগিয়ে আসছে যুদ্ধ সাজে। যাবে উত্তরে, সিলেট শহরে। আমরা যে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সে বাড়ি অতিক্রম করার সময় সৈন্যরা পরখ করে দেখল বাড়িতে বৈরী কিছু আছে কিনা। ভারতীয় সৈন্যরা অতিক্রম করার পর খবর পেলাম পাকিস্তানি সৈন্যরা আমাদের এলাকা ত্যাগ করেছে। আমরা আবার ফিরে এলাম বাড়িতে।
রেল স্টেশনে তখন এসেছে ভারতীয় সৈন্যবাহী ট্রেন। স্টেশনের আশপাশে তাঁবু টানিয়ে তাদের গোলাবারুদ ও রসদ নামাচ্ছে। এক ভারতীয় সৈন্য আমাকে ডেকে নিয়ে গেল ‘মদত করো’ বলে। আমি আপত্তি করিনি। কারণ, ওরাই তো আমাদের মুক্তিদাতা। ওদের সাহায্য করতে পারলে ভালোই লাগবে। মনে হবে, দেশের জন্য কিছু করতে পেরেছি। কিন্তু কাজটা যে সহজ না, বুঝতে পারলাম একটু পরই। ট্রেন থেকে নামানো গোলাবারুদ ও রসদপত্র কাঁধে বয়ে তাঁবুর কাছে নিয়ে যেতে হবে। আমাদের এলাকার যারা ভারতীয় সৈন্যদের দেখতে স্টেশনে এসেছে, সবাইকে এই ‘মদত’-এ অংশ নিতে হয়েছে। আমি কায়িক শ্রম করলেও এতটা কখনো করিনি। এক তাঁবুতে রসদ টেনে ক্লান্ত হয়ে বিদায় নিয়ে দু কদম যেতেই পাশের তাঁবুর সৈন্যটি ডাক দিল। এভাবে কয়েক ঘণ্টা রসদ বয়ে যখন বিধ্বস্তপ্রায়, তখন ছুটি মিলল। বাড়ির দিকে না গিয়ে এক দৌড়ে সামনে এগিয়ে গিয়ে গ্রামে ঢুকে পড়লাম। বাড়ির দিকে গেলে হয়তো আরও ‘মদত’ করতে হতো। সে শক্তি তো আমার নেই।
গ্রামে ঢুকতেই চোখে পড়ল এক বাড়ির আঙিনায় এক নারী দাঁড়িয়ে। খানিকটা দূরে এক ভারতীয় সৈন্য। ওই নারী আমাকে চেনেন। ডেকে বললেন, ‘ভাই, ও তো এখান থেকে যাচ্ছে না। আপনি একটু বলে দিন।’ আমি বাংলা-হিন্দি মিশিয়ে সৈন্যটিকে বোঝানোর চেষ্টা করলাম যে, ‘এই নারী ভয় পাচ্ছে, তুমি চলে যাও।’
সৈন্যটির চলে যাওয়ার অপেক্ষা না করেই আমি দ্রুত স্থানটি ত্যাগ করলাম। ১৬ ডিসেম্বরের দিকে আমরা এগোতে থাকলাম। সম্ভবত কয়েক ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য আমাদের এখানে ক্যাম্প করেছিল। কর্নেল পর্যায়ের অফিসারদের রেল স্টেশনে, কখনো আমাদের বহির্বাটির আরাম কেদারায় বসে সময় কাটাতে দেখেছি। সামনের মাঠে এসে নামত হেলিকপ্টার। কমান্ডাররা আসতেন। কিছুক্ষণ কথা বলে আবার উড়ে যেতেন।
একদিন ভারতীয় সৈন্যরা আমাদের পুকুরে কী যেন ফেলে দিল। প্রচণ্ড আওয়াজ হলো। কেউ বলে, এটা গ্রেনেড। সারা পুকুরের পানি কেঁপে উঠল। মুহূর্তেই ভেসে উঠল কয়েকটা কাতলা ও মৃগেল। সৈন্যরা নেমে তুলে আনল। এদিকে সব ছোট মাছ মরে ভেসে রইল। পুকুরের ওপর সাদা স্তর। সৈন্যরা তা নিল না। গ্রামবাসী যে যতটুকু পারে নিয়ে গেল।
একদিন দেখি স্টেশনের প্ল্যাটফর্মের এক প্রান্তে এক শিখ সৈন্যকে ঘিরে গ্রামবাসীরা মজার আড্ডায় মেতে উঠেছে। সৈনিকটি বন্ধুবৎসল প্রাণোচ্ছল। কী আলাপ হচ্ছে শোনার জন্য পাশে গিয়ে দাঁড়ালাম। গ্রামবাসীকে শিখ সৈন্যটি জিজ্ঞেস করছে, পাকিস্তানিরা তোমাদের গ্রামে ঢুকল কী করে? তোমরা বাধা দাওনি কেন? উত্তরে এক গ্রামবাসী বললে, ‘আমরা কী করব, ওদের কাছে তো অস্ত্র ছিল।’ শিখ সৈন্যটি বলল, ‘তে কী? দেখ, আমাদের পাঞ্জাবে কোনো গ্রামে বাইরের কেউ এসে ঢুকতে পারবে না। আমরা সবাই এক হয়ে তাকে আটকাব।’
একদিন দেখি ভারতীয় সৈন্যরা গ্রামে এখানে-সেখানে গাছ কাটছে। আমাদের বাড়িরও একটা গাছ কাটল। প্রথমে বুঝিনি, কেন এত গাছ কাটা। পরে দেখলাম ও বুঝলাম। খুবই কষ্টকর হৃদয়বিদারক। যুদ্ধে বেশ কয়েকজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আমাদের গ্রামের সামনের মাঠে নিহত সৈনিকদের দাহ সম্পন্ন হলো। মনে মনে স্যালুট জানালাম। বাংলাদেশের স্বাধীনতায় তাদের আত্মত্যাগকে আমাদের স্মরণে রাখতে হবে।
এর মধ্যে একদিন ঐতিহাসিক এক দৃশ্য দেখা থেকে বঞ্চিত হলাম। বাড়ির ভেতরে কী এক কাজে আটকা পড়েছিলাম, শুনলাম স্টেশনের সামনের সড়ক ধরে বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা এগিয়ে যাচ্ছে শহরের দিকে। দৌড়াতে দৌড়াতে এসেও পেলাম না। ইতিমধ্যে তারা অতিক্রম করে চলে গেছে। দূর থেকে শুধু একটি জিপে দুজন খাকি পোশাকধারীকে নজরে পড়েছিল। আমার এক কাজিন বলছিল, ‘বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা যখন বীরদর্পে এগিয়ে যাচ্ছিল, মনের মধ্যে আলাদা এক অনুভূতি কাজ করছিল, যা বলে বোঝানো যাবে না।’ সে আরও জানাল, ‘বাঙালি সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান।’
১৬ ডিসেম্বর। আমাদের বাড়ির উত্তর বন্দে বর্গা দেওয়া কিছু জমির ধান কেটে আনতে হবে। এ কাজটুকু আমাকেই করতে হবে। ধান কাটছি। ধান কাটছি এক মনে। মাঝেমধ্যে কথা বলছি সুরমান আলীর সঙ্গে। উত্তরপাড়ার সুরমান আলী পাশের জমিতে ধান কাটছে। এক সময় এল পরম কাঙ্ক্ষিত সেই খবর—নিয়াজী আত্মসমর্পণ করেছেন। ঢাকায় উড়ছে স্বাধীন বাংলার পতাকা। বাংলাদেশ এখন স্বাধীন। আর নয় পাকিস্তান।
আমার হাতে তখনো এক গুচ্ছ ধান। তাড়াতাড়ি মোট বেঁধে বাড়ির পথে রওনা হলাম। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। লাল-কমলা রঙের আভা আকাশে দ্যুতি ছড়াচ্ছে। ভিন্ন এক ব্যঞ্জনা; ভিন্ন এক অনুভূতি।
যেতে যেতে ভাবছি, কী করে প্রকাশ হবে এ আনন্দানুভূতি। কী করতে হবে আমাকে; যথার্থ হবে কীসে? কিছুই জানি না। এত আনন্দের মধ্যেও মন খানিকটা বিচলিত হলো। এ আনন্দধারায় যিনি আমাদের অবগাহন করালেন, তিনি তো আমাদের মধ্যে নেই। বঙ্গবন্ধু ছাড়া কি আনন্দ পূর্ণতা পায়?