আটলান্টায় আজ শুরু ৩ দিনব্যাপী ফোবানা সম্মেলন

‘আমাদের সন্তান, আগামীর নেতৃত্ব’ এই স্লোগানকে সামনে রেখে আমেরিকার দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য জর্জিয়ার আটলান্টা নগরীতে আজ ২৭ জুলাই শুক্রবার বসছে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন। আটলান্টার ডাউন টাউনের ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারের সুবিশাল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া। এবারের সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্যসচিব নাহিদুল খান সাহেল। ২৯ জুলাই সম্মেলন শেষ হবে।
আয়োজকেরা জানান, আমেরিকায়
নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে এবারের ফোবানা সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। ফোবানার অনুষ্ঠানমালায় থাকছে সেমিনার, আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ২৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় মূল মঞ্চে ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা।
চলতি বছরের ফোবানা সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন আটলান্টা থেকে জানান, এবারের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কংগ্রেসম্যান রব উডল। বিশেষ অতিথি থাকছেন ট্রাম্প প্রশাসনের স্মল অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসলি ভেলি, ঢাকার ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, আবৃত্তিকার ভাস্বর ব্যানার্জি, রন্ধনশিল্পী আলপনা হাবীব। থাকছেন যুক্তরাষ্ট্রের মূলধারার প্রতিনিধিরা।
এবারের ফোবানা সম্মেলনকে ঘিরে নানা আয়োজনের মহড়া, সাজ-সজ্জা আর পরিকল্পনা বাস্তবায়ন ইতিমধ্যেই শেষ হয়েছে। বিশেষ করে উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য রয়েছে একটি খুশির খবর। সেটি হচ্ছে মেধাবী ও নিষ্ঠাবান ছাত্র-ছাত্রীদের জন্য এককালীন মেয়াদের ফোবানা কর্তৃক ঘোষিত শিক্ষাবৃত্তি-২০১৮। বৃত্তি গ্রহণে আগ্রহীদের অবশ্যই জর্জিয়া রাজ্যের বাসিন্দা হতে হবে এবং ২০১৮ সালের স্কুল গ্র্যাজুয়েশনসহ জিপিএ মেধাতালিকায় ৩ দশমিক ৫ থেকে ৪-এর মধ্যে স্কোর থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে। সম্মেলন চলাকালে মূল মঞ্চে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃত্তির পরিমাণ এককালীন জনপ্রতি ১০০০ ডলার, সঙ্গে থাকবে সম্মাননা সনদ।
ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় এই শিক্ষাবৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ফোবানার নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান রেহান রেজা। সমন্বয়ক হিসেবে থাকছেন ফারজানা উদ্দিন নিশাত, মাহবুবা সুলতানা লিপি ও সাবিনা চৌধুরী লুবনা।
এবারের ৩২তম সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ‘নতুন প্রজন্মকে ফোবানার বিভিন্ন কর্মসূচির প্রতি আগ্রহী করে তোলাসহ বাংলাদেশি কমিউনিটিতে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণকে উৎসাহিত করতেই আমাদের এ ধরনের উদ্যোগ।’ সদস্যসচিব নাহিদুল খান সাহেল বলেন, ‘আশা করছি সবাই মিলে একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারব।’
জানা গেছে, ৩২তম ফোবানা সম্মেলন সফল করার লক্ষ্যে গঠিত ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কাজ করছে। ফোবানা সম্মেলনে যোগদানকারী উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত অতিথিদের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে ভেন্যুর পাশেই অবস্থিত সিএনএন সেন্টার ওমনি আটলান্টা হোটেল। নিউইয়র্ক থেকে বিপুলসংখ্যক প্রবাসী আটলান্টা সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া ইতিমধ্যেই সংশ্লিষ্টরা হোটেলের রুম বুকিং সম্পন্ন করেছেন।