আটলান্টায় কনস্যুলেট অফিস স্থাপনের দাবি

দীর্ঘদিন ধরে জর্জিয়ার আটালান্টায় একটি কনস্যুলেট অফিস স্থাপনের দাবি জানিয়ে আসছেন এই অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এখানে কনস্যুলেট স্থাপন হলে প্রবাসীরা সুবিধা পাবেন ও এতে তাদের দুর্দশা লাগবে হবে—এমনটিই আশা করছেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোস্তফা মাহমুদ প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, জর্জিয়ায় প্রায় ৪০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। এ ছাড়া পার্শ্ববর্তী অঙ্গরাজ্য টেনেসি, আলাবামা, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, ফ্লোরিডায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ভৌগোলিক বিবেচনায় জর্জিয়ার আটলান্টায় কনস্যুলেট অফিস হলে এই ছয় অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেটের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এই অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলেট সংক্রান্ত যেকোনো কাজে তাদের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হতে হয়। দূতাবাস সংক্রান্ত কার্যক্রমের জন্য অনেকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ডাকযোগে যোগাযোগ করে থাকেন। অনেক সেবা সাধারণত ডাকযোগে দেওয়া সম্ভব হয় না। যেমন—এমআরপির জন্য আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্টের জন্য দীর্ঘপথ পাড়ি দিয়ে ওয়াশিংটন ডিসিতে যেতে হয়।
আটলান্টা থেকে ওয়াশিংটন ডিসির দূরত্ব প্রায় ১০/১১ ঘণ্টার ড্রাইভ। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের জন্য অনেক সময় এটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যদিও মাঝে-মধ্যে এখানে দু-একদিনের জন্য ভ্রাম্যমাণ দূতাবাস এসে থাকে। কিন্তু এই স্বল্প সময়ে অনেকে তাদের সেবা গ্রহণের সুযোগ করে উঠতে পারে না।
জর্জিয়ার আটলান্টা আমেরিকার একটি অন্যতম শহর। গত ১৬ বছরে এই শহর ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রথম হয়েছে। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত কোমল পানীয় কোকাকোলা, সংবাদ মিডিয়া সিএনএন, বিখ্যাত এয়ারলাইনস ডেলটাএয়ার, হোম ডিপোর্ট, ওয়াফেল হাউসসহ বড় বড় কোম্পানির প্রধান কার্যালয়। বহুজাতিক এসব কোম্পানির কর্মচারী কর্মকর্তারা ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে বাংলাদেশে যেতে চাইলে তাদের ভিসা সংক্রান্ত কাজে ছুটতে হয় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে অথবা নিউইয়র্কে কনস্যুলেট অফিসে। জর্জিয়ার আটলান্টায় কনস্যুলার অফিস থাকলে তাদের আর ওয়াশিংটন ডিসি বা নিউইয়র্কে ছুটতে হবে না।
আটলান্টায় বাংলাদেশ সরকারের সোনালি এক্সচেঞ্জ নামে একটি মানি রেমিট্যান্স অফিস রয়েছে। ১০ বছর ধরে আমেরিকার অন্যান্য শাখার চেয়ে আটলান্টা শাখা সর্বোচ্চ রেমিট্যান্স আয় করে যাচ্ছে। এখানে একটি কনস্যুলার অফিস খোলা হলে সে অফিসটিও আশানুরূপ রাজস্ব অর্জনে সক্ষম হবে।
ভৌগোলিক ও সার্বিক বিবেচনায় জর্জিয়ার আটলান্টায় একটি কনস্যুলার অফিস স্থাপনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিরা।