আটলান্টায় চন্দ্রশেখরের একক সংগীতানুষ্ঠান

আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৯ ডিসেম্বর রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্রশেখর দত্তের একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সন্ধ্যায় আটলান্টা সংগীত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মেট্রো আটলান্টার ডোরাভিল সিভিক সেন্টারে অনুষ্ঠিত এই সংগীত সন্ধ্যায় শিল্পী চন্দ্রশেখর দত্ত রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি, পল্লিগীতি, মাইজভান্ডারি, দেশাত্মবোধক ও আধুনিক বাংলা গান পরিবেশন করেন।
ফারাহ মোয়াজ্জেম চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন সুস্মিতা ধর, আরুশী পালিত, হৈমন্তী মুখোপাধ্যায়, বিপ্লব এবং সুবর্ণা দেবী। অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানান পরিমল মজুমদার,
তাহমিদ রহমান ও আবুল হাসেম। এ ছাড়া শিল্পী চন্দ্রশেখর দত্তের সংগীত সাধনার কীর্তিগাঁথা তুলে ধরেন স্বপন মণ্ডল।
অনুষ্ঠানে ‘গুরু প্রণাম’ হিসেবে আটলান্টা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী ফারাহ মোয়াজ্জেম চৌধুরী, কাজরী মিত্র, রোকসানা হক, রুবিনা শম্পা, মাধুরিয়া রুদ্র, তাহমিদ রহমান, অনিন্দ্য আহসান ও সুভদ্র গুপ্ত সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার সাবেক সংগঠক, আটলান্টা সংগীত বিদ্যালয়ের নির্বাহী পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্রশেখর দত্তের গান উপভোগ করেন শ্রোতারা। পুরো অনুষ্ঠানে শ্রোতাদের বাড়তি পাওনা ছিল শিল্পীকে সহায়তাকারী যন্ত্রশিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। শিল্পীকে যন্ত্র সংগীতে সহায়তা করেন অমিতাভ সেন, এম এইচ আকমল, অরূপ ধর, সুমন রুদ্র, সুরজিত বন্দ্যোপাধ্যায়, সুভদ্র গুপ্ত। এ ছাড়া শব্দ যন্ত্র সমন্বয় ও নিয়ন্ত্রণে মুনশিয়ানা দেখিয়েছেন আজিজুল হক। তাঁকে যোগ্য সহযোগিতা দেন মারুফ মাহবুব ও দীপু আহসান।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক সংগীতপ্রেমি রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্রশেখর দত্তের একক সংগীতানুষ্ঠান উপভোগ করতে ভিড় করেন।