আটলান্টায় দুই বাংলার সাংস্কৃতিক চর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক চর্চায় কবি সাহিত্যিকেরা
সাংস্কৃতিক চর্চায় কবি সাহিত্যিকেরা

তখন সন্ধ্যা আটটা বাজে। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে বাঙালিদের মিলনায়তনের স্থান সেবা বাংলা লাইব্রেরিতে এসে দেখা গেল, ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনুষ্ঠান। স্থানীয় সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘আমরা প্রতি মাসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। এখানে গান-বাজনা, কবিতা আবৃত্তি, বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ সবই হয়।’
একের পর এক গান পরিবেশন করছেন অপলা সেন বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ভায়োলিনে অমিতাভ সেন এবং পরিচালনায় নাসির আহমেদ। উপস্থিত দর্শকের মনমুগ্ধ হয়ে শুনছেন তাঁর পরিবেশনা। কোন টু শব্দটি নেই, কেউ তুলছে না সেলফি বা ছবি। সবার সুরের সাগরে ভেসে বেড়াচ্ছেন যেন। মজার বিষয়, এখানে কলকাতার বাঙালি ও বাংলাদেশিরা একসঙ্গে সাংস্কৃতিক চর্চা করেন। নেই কোন ভেদাভেদ। কলকাতার বাঙালি কবি রুদ্র শংকর বলেন, ‘আমরা এখানে সবাই সমান। এখানে সবাই আমরা বাঙলার শুদ্ধ চর্চা করার চেষ্টা করে যাচ্ছি।
এবার সেবা বাংলা লাইব্রেরির বিষয়ে কিছু জানা যাক। সেবা লাইব্রেরি ২০০৭ সালে স্থাপিত হয়। স্থানীয় সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ হারুনুর রশীদের উদ্যোগে সংগঠনটি স্থাপিত হয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম ও জাতীয়তা নির্বিশেষে আটলান্টার বাঙালিরা একত্র হয়েছেন ভাষা ও সংস্কৃতি চর্চায়। প্রায় ৩ হাজার বই লাইব্রেরির সংগ্রহে রয়েছে। এর মধ্যে হ‌ুমায়ূন আহমেদ, জসীমউদ্দীন, সৈয়দ মুজতবা আলী থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, সমরেশ পর্যন্ত দুই বাংলার নানান লেখকের বই রয়েছে।
মাঝে মাঝে এখানে সেবা লাইব্রেরির দুই বাংলা থেকে আগত লেখক, বাচিক শিল্পী, কণ্ঠ শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান তো রয়েছেই। গত বছর আটলান্টায় উত্তর আমেরিকা সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্ব সাহিত্য সম্মেলনে পুরো উত্তর আমেরিকা থেকে প্রায় ১৫০ জন সাহিত্যমোদী যোগ দেন। সেবা লাইব্রেরি ছিল এই অনুষ্ঠানের স্থানীয় আয়োজক।
এভাবে চলুক বিশ্বে বাঙলার সাংস্কৃতিক চর্চা। এভাবে বেঁচে থাকুক বাংলা প্রবাসীদের হৃদয়ে।