আটলান্টায় 'অপারবাংলা'র যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা

আটলান্টায় ‘অপার বাংলা’ (www.aparbangla.net) নামে একটি ত্রৈমাসিক অনলাইন সাহিত্য পত্রিকার উদ্বোধন হয়েছে।
৬ এপ্রিল আটলান্টা শহরের সেবা লাইব্রেরিতে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বেশ কয়েকজন খ্যাতিমান লেখক এই পত্রিকার সম্পাদকমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সঙ্গে জড়িত আছেন।
‘অপারবাংলা’র উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন আটলান্টার সেবা লাইব্রেরির কর্ণধার মোহাম্মদ হারুন রশিদ। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অপারবাংলার লক্ষ্য ও প্রত্যাশার কথা তুলে ধরেন সম্পাদক শুভ নাথ। পর্দার আড়ালে থেকেও অক্লান্ত পরিশ্রম করে যাঁরা পত্রিকাটিকে সবার সামনে হাজির করিয়েছেন, সবার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন তিনি।
এরপর বক্তব্য রাখেন অপারবাংলার সূচনালগ্ন থেকে জড়িত উপদেষ্টা ড. রুদ্র শংকর। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যোগ দেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য, ভারত ও বাংলাদেশ থেকে অপারবাংলার কলাকুশলী ও সহযোগীদের অনেকেই।
অপারবাংলার মূল লক্ষ্য একটি উন্নতমানের সাহিত্য পত্রিকা প্রকাশ করা। এ ব্যাপারে অন্যতম উপদেষ্টা খ্যাতিমান লেখক জ্যোতিপ্রকাশ দত্ত কনফারেন্স লাইনে তাঁর প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করেন কলোরাডোর ডেনভার শহর থেকে। এ ছাড়া অনুষ্ঠানে অন্য অনেকের সঙ্গে আলোচনায় অংশ নেন ঢাকা থেকে বাংলাদেশের কার্যনির্বাহী সম্পাদক নাহিদ আশরাফী, কলোরাডো থেকে আমেরিকার কার্যনির্বাহী সম্পাদক পূরবী বসু, কলকাতা থেকে ভারতের সম্পাদক এলা বসু প্রমুখ।
এপ্রিল ২০১৯-এর প্রথম সংখ্যা যা www.aparbangla.net এ শোভা পাচ্ছে, তা দিয়েই অপারবাংলার যাত্রা শুরু হয়। এর পরের সংখ্যাটি প্রকাশিত হবে জুলাই মাসে। আগস্টে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে বিশ্ববাংলা সাহিত্য সমাবেশের সঙ্গে অভিন্ন মত পোষণ করার কারণে ‘অপারবাংলা’ ও ‘বিশ্ববাংলা সাহিত্য সমাবেশ’ পরস্পরের সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে। এরই অংশ হিসেবে বিশ্ববাংলা সাহিত্য সমাবেশ সম্পর্কে এক দীর্ঘ প্রতিবেদন ছাপা হয় অপারবাংলার প্রথম সংখ্যায়। ইন্টারনেটের এই যুগে অসংখ্য ইলেকট্রনিক ম্যাগাজিনের অস্তিত্ব সম্পর্কে প্রায় সবাই অবগত। বাংলাদেশ, পশ্চিম বাংলা এবং এই দুই ভূ-খণ্ডের বাইরে বহির্বিশ্বের নানা স্থানে ছড়িয়ে থাকা বাঙালি লেখকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে তাঁদের সেরা সাহিত্যচর্চার ফসল সবার কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ অপারবাংলা। সম্পাদকীয়, গল্প, কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস ছাড়াও বাংলা সাহিত্যের ওপর সভা-সমিতি, সম্মেলন, সমাবেশ, এবং বাংলা সাহিত্য সম্পর্কিত বিভিন্ন উল্লেখযোগ্য খবরাখবরও নিয়মিত থাকবে এখানে।
সম্পাদকের ভাষায়, ‘বাংলা ভাষা আর বাংলা সাহিত্যকে ভালোবেসে, সর্বোপরি বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে, পাঠকের দরবারে নিয়ে এসেছি ত্রৈমাসিক অনলাইন বাংলা পত্রিকা, অপারবাংলা। নেই এপার, নেই ওপার, আমরা অপার। চৈত্রের পড়ন্ত বিকেলে আত্মপ্রকাশ করল অনলাইন বাংলা পত্রিকা অপার বাংলা। পাঠকের ভালোবাসাই আমাদের পাথেয়। সঙ্গে থাকুন। কথা দিচ্ছি, বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলা সাহিত্যের এক অপরূপ ডালি নিয়ে হাজির হব আপনাদের কাছে।’
এই পত্রিকা বিষয়ে মতামত, বক্তব্য বা পরামর্শ দিয়ে এবং সর্বোপরি মৌলিক লেখা পাঠিয়ে অপারবাংলাকে সমৃদ্ধ করার জন্য লেখক ও সাহিত্যমোদীদের অনুরোধ জানানো হয়েছে।