আটলান্টিক কাউন্টিতে শ্যামা পূজা ও দীপাবলি ২৭ অক্টোবর
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ২৭ অক্টোবর শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হবে। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা অ্যাভিনিউয়ের হিন্দু মন্দিরের প্রার্থনা হলে ও এবসিকন শহরের ৪৪৪, পশ্চিম ক্যালিফোর্নিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত রাধা কৃষ্ণ মন্দিরে শাস্ত্রীয় মতে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হবে।
অধিবাসের মাধ্যমে শ্যামা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পুষ্পাঞ্জলি ও ষোড়শ উপচারে দেবী কালির পূজার মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভ করার লক্ষ্যে সন্ধ্যার পর পর সনাতনী হিন্দুরা শ্যামা পূজা উদ্যাপনের জন্য মন্দির দুটির প্রার্থনা হলে সমবেত হবে।
ওই দিন ঢাক-ঢোল, কাঁসর আর উলু ধ্বনিতে মুখরিত হবে মন্দির প্রাঙ্গণ। শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্যামা সংগীত, ভজন পরিবেশন করবেন আয়োজক সংগঠনের সদস্যরা। ভক্তকুলের মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শ্যামা পূজার কর্মসূচি শেষ হবে। শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে প্রবাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করবে।
সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা ও দীপাবলি’ উৎসব। শাস্ত্রমতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ ও শ্যামা পূজা
করা হয়।