আটলান্টিক সিটি মেয়র হিসেবে শপথ গিলিয়াম জুনিয়রের
আটলান্টিক সিটির মেয়র হিসাবে ১ জানুয়ারি সোমবার ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়র শপথ নিলেন। গত নভেম্বরের নির্বাচনে তিনি রিপাবলিকান দলীয় মেয়র ডোনাল্ড ডি গার্ডিয়ানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
১ জানুয়ারি দুপুরে সিটি হল মিলনায়তনে ফ্রাঙ্ক এম গিলিয়াম শপথ নেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেন, নতুন মেয়র প্রপার্টি ট্যাক্স কমানোর উদ্যোগ নেবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কমিউনিটির লোকজন তাঁকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন সেই প্রত্যাশা যেন তিনি পূরণ করেন সেটাই কামনা করি।’ আটলান্টিক সিটি ডেমোক্রেটিক পার্টির কমিটি পারসন সৈয়দ মো. কাউসার নতুন মেয়রের সফলতা কামনা করেন।
আসাল নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি ফারুক হোসেন মনে করেন, আটলান্টিক সিটিবাসীর জন্য মেয়র যেসব কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ জার্সি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ লিটন।