আটলান্টিক সিটি মেয়রের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী বর্তমান মেয়র ডন গার্ডিয়ানের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে সন্ধ্যায় ২৩০৯ আটলান্টিক অ্যাভিনিউতে উদ্বোধন করা হয় নির্বাচনী কার্যালয়ের। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন আটলান্টিক সিটি পেশাদার অগ্নিনির্বাপকদের সংগঠন লোকাল ১৯৮-এর সভাপতি ক্যাপ্টেন
বিল ডিলোরেনজো এবং আটলান্টিক সিটি পুলিশ বিভাগের সংগঠন (লোকাল ২৪) সভাপতি ম্যাট রজারস। মেয়রের চিফ অব স্টাফ ক্রিস ফিলিসিও অনুষ্ঠান সমন্বয় করেন।
সিটি রিপাবলিকান দলের সভাপতি মাইক লোপেজ অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য দেন ক্যাপ্টেন বিল ডিলোরেনজো, ম্যাট রজারস, ক্রিস ফিলিসিও, কাউন্সিল পদপ্রার্থী রন বেইলি, স্ট্যাসি কেমারম্যান। রিপাবলিকান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান দলের সভাপতি রেজাউল ইসলাম খালিদ, সহসভাপতি রওশনউদ্দীন, সাংবাদিক মো. আলী খান বাবুল, সাংবাদিক সুব্রত চৌধুরী, শান্তনু সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র ডন গার্ডিয়ান বলেন, ‘আটলান্টিক সিটি পুনর্গঠনের যে কাজ আমি শুরু করেছিলাম তা শেষ করার লক্ষ্যেই দ্বিতীয় মেয়াদের জন্য আবারও প্রার্থী হয়েছি।’ তিনি পুনরায় নির্বাচিত হলে অতীতের মতো বাংলাদেশিদের কল্যাণের বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।