আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সহসভাপতি হলেন ফারুক হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক হোসেন
ফারুক হোসেন

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সহসভাপতি পদের দায়িত্ব পেলেন বাংলাদেশি-আমেরিকান ফারুক হোসেন। ৩ জানুয়ারি অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সভায় তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে এই পদের দায়িত্ব পান।
বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অধিবাসী ফারুক হোসেন দীর্ঘ ২০ বছর ধরে আমেরিকায় বাস করছেন। রামগঞ্জ সরকারি কলেজছাত্র সংসদের সাবেক এই সাধারণ সম্পাদক আমেরিকার মূলধারার রাজনীতিতে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যে তিনি ‘রাইজিং ডেমোক্র্যাট স্টার’ খ্যাতি পেয়েছেন। কমিউনিটিতে ফারুক হোসেন লেবার ইউনিয়নের নেতা হিসেবে সমধিক পরিচিত।
ফারুক হোসেন শ্রমিক সংগঠন ইউনাইট হেয়ার লোকাল-৫৪-এ দক্ষ সংগঠক হিসেবে ১৮ বছর ধরে কাজ করছেন। বর্তমানে তিনি ওই সংগঠনের পলিটিক্যাল অ্যাকশন কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি অ্যালায়েন্স
অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি হিসেবে দক্ষিণ এশীয় শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করছেন। পাশাপাশি আটলান্টিক সিটির সিটিজেনস অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।