আটলান্টিক সিটিতে আন্তঃধর্মীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত

আটলান্টিক সিটিতে আন্তঃধর্মীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ও’ডোনেল মেমোরিয়াল পার্কে ১২ জুলাই ‘লাইটস ফর লিবার্টি’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্তঃধর্মীয় সংহতি সমাবেশের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ডেভিড ডিলানি ও কাসান্দ্রা সোবার। তাঁরা এ সমাবেশ আয়োজনের উদ্দেশ্য ও লক্ষ্য সমাবেশে উপস্থিত সুধীজনদের কাছে তুলে ধরেন এবং সমাবেশে যোগদানের জন্য উপস্থিত সুধীজনদের ধন্যবাদ জানান। পরে আন্তঃধর্মীয় সংহতি সমাবেশের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উপদেষ্টা সাংবাদিক সুব্রত চৌধুরী, মোহাম্মদ মসজিদের ইমাম আমিন মুহাম্মদ, আরভিন ও ক্রিস্টিয়ান মরেনো রদ্রিগেজ, শিলা হাল ফ্রিম্যান, বার্ট লোপেজ প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন আইনের প্রয়োগজনিত কড়াকড়ির তীব্র সমালোচনা করেন এবং বিভিন্ন আটককেন্দ্রে বন্দী অভিবাসীদের জন্য সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ধরপাকড়ের কারণে শিশু-কিশোরদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় তা তদারকির দাবিও জানান তাঁরা।
সমাবেশে বক্তারা অভিবাসী কমিউনিটির সার্বিক নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী হতে গিয়ে অকালে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে আন্তঃধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে এ সংহতি সমাবেশের সমাপ্তি ঘটে। বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ এ সংহতি সমাবেশে যোগ দেন।