আটলান্টিক সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ মে আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮, আটলান্টিক অ্যাভিনিউয়ের মসজিদ আল-তাকওয়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদের ইমাম শেখ তৌফিক।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যোগদানকারী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা হলেন—আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী মো. হোসাইন মোর্শেদ, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী সোহেল আহমদ, শিক্ষাবিদ এম এ গনি, ডা. আজাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সাবেক সভাপতি কাজী লিটন, কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম সুলতান, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, আবদুল জামিল, দিদারুল ইসলাম, মুক্তাদির রহমান, শেখ আমিন, শাহানূর নান্না, কমিউনিটি অ্যাকটিভিস্ট এমডি জাহেদ, জহিরুল ইসলাম সেন্টু, গোলাম হাফিজ, সাংবাদিক আবু নছর, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ।
এই ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নারীর উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।