আটলান্টিক সিটিতে ঈদুল ফিতর উদ্যাপিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে ৪ জুন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। বড়দের সঙ্গে ছোটরাও বর্ণিল পোশাকে ঈদের জামাতে অংশ নেয়। ছিল বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণও।
আটলান্টিক সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের দ্বারা পরিচালিত আল হেরায় মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মুসল্লি। মসজিদের ভেতর স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে পার্কিং লটেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। ওই দিন সকাল ৯টা ২০ মিনিটে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ ও খুতবা শেষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ঈদের নামাজে ইমামতি করেন আলহেরা মসজিদের ইমাম মো. রুহুল আমিন।
মসজিদ আল-তাকওয়ার উদ্যোগে ১০০৮, এবসিকন বুলেভার্ডের আরমরি সেন্টারে সকাল ৯টা ১৫ মিনিটে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মুসল্লি এতে অংশ নেন। ঈদ জামাতে ইমামতি করেন মসজিদ আল-তাকওয়ার ইমাম তৌফিক আজিজ। আটলান্টিক সিটির ৩০০, নর্থ আলবেনি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ মুহাম্মদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঈদের দিন সকাল ৮টায়। মসজিদের ইমাম আমিন মুহাম্মদ ঈদ জামাতে ইমামতি করেন।
ঈদের নামাজ আদায় শেষে প্রবাসী মুসলিমরা মোবাইল, স্কাইপসহ বিভিন্ন মাধ্যমে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর পর ব্যস্ত হয়ে পড়েন অতিথি আপ্যায়নে। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে যান লং ড্রাইভে। রৌদ্রোজ্জ্বল অনুকূল আবহাওয়া ঈদ আনন্দে নতুন মাত্র যোগ করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য ফারুক হোসেন, অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস ও সাধারণ সম্পাদক মিরাজ খান, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ও সাধারণ সম্পাদক কুতুবউদদীন এমরান, খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদ নিউজার্সি চ্যাপ্টারের আহ্বায়ক মো. আইয়ুব ও সদস্যসচিব কাজী লিটন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি মোহাম্মদ হোসেন জনি ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, আটলান্টিক সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার বাংলাদেশি আমেরিকান মো. হোসাইন মোরশেদ, সুরজিৎ চৌধুরী মিল্টন, সাঈদ মু. দোহা, সোহেল আহমদ প্রমুখ।