
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই আটলান্টিক সিটির বুকে যেন জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়ামের সামনে এই বাংলাদেশ মেলা ২০১৯-এর আয়োজন করা হয়। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের পরিবেশনা।
বাংলাদেশ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি রাজ্যের সিনেটর ক্রিস ব্রাউন, অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, আটলান্টিক কাউন্টির নির্বাহী ডেনিস লেভিনসন, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিখ শেফলার, লোকাল ৫৪ সভাপতি বব মেকডেভিডসহ আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী মূলধারার রাজনীতিক ও পদস্থ কর্মকর্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হায়দার আলী। বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকে। বিশেষ করে আমেরিকায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রঙের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় তাসমিয়া হক কর্তৃক বেহালায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বাংলাদেশ মেলার শুভ উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, বাংলাদেশ মেলার আহ্বায়ক কে এম দিদারুল আলম, সদস্যসচিব মো. জাকিরুল ইসলাম খোকা, নাসিরউদদীন শিকদার, কাজী লিটন, মো. গিয়াসউদ্দিন, শাহনূর নান্না, সাখাওয়াত হোসেন, মো. আইয়ুব ও শাহরিয়ারসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন কে এম দিদারুল আলম, মো. জাকিরুল ইসলাম খোকা, জহিরুল ইসলাম বাবুল, নুরুন্নবী চৌধুরী শামীম, আবদুর রফিক, সাখাওয়াত হোসেন, কাজী লিটন প্রমুখ। এ ছাড়া সাংবাদিক মো. শাহীন, সাংবাদিক সুব্রত চৌধুরী, চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মো. হোসাইন মোরশেদ, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মঞ্চে উপস্থিত ছিলেন ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী জিয়া আনজুম।
বাংলাদেশ মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষণীয়। বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী রোজী কবির, তানভীর শাহীন, শম্পা জামান, নাহিদ ও রেপার শাহ। এরপর মঞ্চে আসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।
বাংলাদেশ মেলায় স্নিগ্ধা দাশের কোরিওগ্রাফিতে সমবেত নৃত্য পরিবেশন করে শিবা, শান্তনু, মিথুন ও দর্শন। উদ্বোধনী অনুষ্ঠানে কাজী লিটনের পরিচালনায় ডিসপ্লেতে অংশ নেয় লামিসা, জারিফ, আনিকা, সুবাইতা, তাসিন, তাকি।
বাংলাদেশ মেলার গণমাধ্যম সহযোগী ছিল এনটিভি। র্যাফল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে।