আটলান্টিক সিটিতে ক্যাসিনো বন্ধ

করোনাভাইরাসের বিস্তার রোধে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সব ক্যাসিনো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
নিউজার্সি রাজ্যের গভর্নর ফিল মারফির নির্দেশ অনুযায়ী ১৬ মার্চ রাত আটটা থেকে আটলান্টিক সিটির নয়টি ক্যাসিনোর সবগুলো বন্ধ হওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বন্ধ হয়ে যাওয়ায় এসব ক্যাসিনোতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এখন স্বস্তির নিশ্বাস ফেলছে। ক্যাসিনোগুলোতে লোকজনের অবাধে আসা যাওয়ার কারণে গত কয়েক দিন ধরে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই করোনাভাইরাস সংক্রমণের ভয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন।
আটলান্টিক সিটির হ্যারাস ক্যাসিনোতে চাকরি করেন প্রবাসী বাংলাদেশি কাজল সরকার। ক্যাসিনো বন্ধের সিদ্ধান্তে তিনি বলেন, ‘আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো বন্ধ হওয়ায় আমি খুব খুশি। কারণ গত কয়েক দিন ধরে করোনাভাইরাসের সংক্রমণের ব্যাপারে খুব ভয়ে ছিলাম। এখন কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেচেছি। আমি গভর্নর ফিল মারফিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’
প্রবাসী বাংলাদেশি রওশন উদ্দীন চাকরি করেন ট্রপিকানা ক্যাসিনোতে। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে গত কয়েক দিন বেশ আতঙ্কে ছিলাম। এখন অন্তত বাসায় নিরাপদে থাকতে পারব। গভর্নর ফিল মারফিকে অনেক অনেক ধন্যবাদ।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো বন্ধের সংবাদে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে ক্যাসিনোগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে তাঁদের বাসায় অবস্থান করতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন।
ক্যাসিনো বন্ধের সিদ্ধান্তের জন্য তিনি গভর্নর ফিল মারফিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বলেন, ক্যাসিনো বন্ধ করা একটি ভালো সিদ্ধান্ত। তবে আমি উদ্বিগ্ন যেসব প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি ক্যাব, উবার, জিটনি ইত্যাদি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাঁদের জন্য। এ ছাড়া ক্যাসিনোগুলো দীর্ঘদিন বন্ধ থাকলে তাঁদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশি ক্যাবি চালক বলেন, দীর্ঘদিন ক্যাসিনো বন্ধ থাকলে জীবিকা নির্বাহ খুব কঠিন হয়ে পড়বে।
আটলান্টিক সিটিতে পঞ্চমবারের মতো ক্যাসিনো বন্ধের ঘটনা ঘটল। এর আগে ১৯৮৫ সালে হ্যারিকেন গ্লোরিয়া, ২০১১ সালে হ্যারিকেন আইরিন, ২০১২ সালে হ্যারিকেন স্যান্ডির কারণে এবং ২০০৬ সালে নিউজার্সি রাজ্য সরকারের শাটডাউনের কারণে ক্যাসিনোগুলো বন্ধ হয়েছিল।