আটলান্টিক সিটিতে জাতীয় শোক দিবস পালন

নিউজার্সি অঙ্গরাজ্যে জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ।
২৮ আগস্ট রাত নয়টায় আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আবদুল হাই। অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও একুশে আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আওয়ামী লীগের নেতা আবদুর রফিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন এমরানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—মোকতাদির রহমান, মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, মো. বেলাল, নূরুন্নবী চৌধুরী শামীম, মুক্তিযোদ্ধা আবু জাফর, আবদুর রহিম, শফিক শাহ, ফারুক তালুকদার, মাহবুবুর রহমান, শফিকুল আলম জিন্নাহ, মনিরুজ্জামান মনির, জাকিরুল ইসলাম খোকা, মো. বেলাল প্রমুখ।
বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় অবিলম্বে কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহ্বান জানান তাঁরা। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী এই উপলক্ষে আয়োজিত ভোজে অংশ নেন।