আটলান্টিক সিটিতে দক্ষিণ এশিয়ান আমেরিকান কমিউনিটির মতবিনিময় সভা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩০ জুন সন্ধ্যায় সিটিতে বসবাসরত দক্ষিণ এশিয়ান আমেরিকান কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে জয়ী তিন দক্ষিণ এশিয়ান আমেরিকান মো. সোহেল, মো. হোসাইন মোর্শেদ ও এম আনজুম জিয়ার আহ্বানে এই সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৫ নভেম্বর আটলান্টিক সিটি কাউন্সিলের চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তিন দক্ষিণ এশিয়ান আমেরিকান প্রার্থীকে জয়ী করতে কমিউনিটির করণীয় নির্ধারণ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ব্যক্তিত্ব সুমন মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—মো. আবদুল গনি, জহিরুল ইসলাম বাবুল, সোহেল আহমদ, আশিক আহমদ চৌধুরী, আনজুম জিয়া, ধীমান পাল, ফারুক তালুকদার, দেলোয়ার চৌধুরী, মো. সিদ্দিক, আবদুল জামিল, শাহরিয়ার, মো. হোসাইন, সিরাজ উদ্দীন, সুজেল আহমদ, রুহেল চৌধুরী, সুব্রত চৌধুরী প্রমুখ। সভায় উপস্থিত দক্ষিণ এশিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটি কাউন্সিলের চূড়ান্ত নির্বাচনে তিন দক্ষিণ এশিয়ান আমেরিকান প্রার্থীকে বিজয়ী করতে মতবিরোধ ভুলে এশিয়ান কমিউনিটির ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে সঠিক কর্ম কৌশল নির্ধারণের আহ্বান জানান।
সভায় বক্তারা আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে যোগ্যতা ও দক্ষতার নিরিখে ঐকমত্যের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের আহ্বান জানান। যাতে তাঁদের জয় সুনিশ্চিত হয়। পরে নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।