আটলান্টিক সিটিতে দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটলান্টা সিটির সাগরপাড়ে আনন্দ-উল্লাস। ছবি: লেখক
আটলান্টা সিটির সাগরপাড়ে আনন্দ-উল্লাস। ছবি: লেখক

পাঁচ মাইলের বোর্ড ওয়াক (কাঠের ফুটপাত), সুউচ্চ বাতিঘর, ইয়া বড় স্যান্ডিবিচ, মায়াবী সিগাল পাখির ওড়াওড়ি, ভোরের আলোয় হিমেল-মিষ্টি বাতাসে সৈকতে হাঁটাহাঁটি কার না ভালো লাগে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া আটলান্টা সিটির মুগ্ধতা যেকোনো পর্যটককে কাছে টেনে নেবে। গ্রীষ্মের ছুটিতে পুরো আমেরিকাজুড়ে ছুটে বেড়ানোর ‍তাড়া লেগে যায়। তাই আমরা কজন দল বেঁধে ছুটে যাই দিপাদির নিমন্ত্রণে আটলান্টা সিটিতে। মনে পড়ে পল্লিকবি জসীমউদ্‌দীনের সেই কবিতা, ‘আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দিব পিঁড়ে, জল পান যে করতে দেব শালি ধানের চিড়ে।’
এমনকি আছে আটলান্টিক সিটিতে, যা আমাদের মুগ্ধ করবে। আমাদের কক্সবাজার সমুদ্রসৈকতে কী নেই, যা আমাকে কাছে টানবে না। দিপাদির চিংড়ি শুঁটকির ভর্তা আর গরম ভাতে ভুরিভোজনে এ নিয়ে তর্ক-বিতর্কের ইতি টানা হলো। এ ফাঁকে খাবার টেবিলে প্রিন্স বলল, বিশ্বকাপে ব্রাজিল জিতে গেল। বিশ্বকাপ উত্তেজনায় সব খবর ছাপিয়ে বিকেলের মিষ্টি রোদে আটলান্টিকের উত্তাল ঢেউয়ের হিমেল বাতাসে রূপনদা, দেবুদা, প্রিন্স, নাঈম, মাহফুজ, আবির, দীপ্তসহ অনেকে সমুদ্রসৈকতে ফুটবল খেলায় মেতে ওঠি। খেলা শেষে সবাই কিছুক্ষণের জন্য হলেও আটলান্টিকের নীলাভ জলে দাপাদাপি করি। এদিকে সৈকতে অন্ধকার নেমে আসার আগে আমেরিকার দ্বিতীয় ক্যাসিনো শহর আটলান্টিকে জ্বলে ওঠে আলো।
ঘড়ির কাঁটায় রাত দশটা। পৃথিবীর নানা দেশ থেকে আসা শত শত পর্যটক সন্ধ্যাকাশের আলো ঝলমলে আলোয় সুউচ্চ-রিসোর্ট ও হোটেল থেকে হাতে হাত রেখে বেরিয়ে এল। সৈকতের পাশ ঘেঁষে বোর্ড-ওয়ার্ক ধরে হোটেলের সামনে জড়ো হয় তারা। উৎসুক পর্যটকের ভিড়ে হঠাৎ সৈকতের কালো আকাশে ফায়ার ওয়ার্কের বর্ণিল আলোকচ্ছটায় পুরো শহর কেঁপে ওঠে। এ শহরে পর্যটকদের আকর্ষণ করতে সপ্তাহের প্রতি শনিবার রাতে শত শত বাজি পোড়ানো হয়ে থাকে।
সৈকতে হাঁটতে চোখে পড়ল, একদল শিক্ষার্থীর ফিশিং প্রশিক্ষণ, গ্রীষ্মের ছুটিতে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সিটির একটি প্রাইভেট প্রতিষ্ঠান প্রতিবছরের মতো এবারও আয়োজন করেন ছিপ দিয়ে মাছ ধরার কৌশল শেখানোর কর্মসূচি। পরিচয় হলো সপ্তম গ্রেডে পড়ুয়া আটলান্টা সিটির মিষ্টি মেয়ে তওফার (বাংলাদেশি)। তারও কিছু দূরে মেটাল ডিটেক্টর দিয়ে কী যেন খোঁজেন এক বৃদ্ধা (মহিলা), কাছে গিয়ে বললাম, সুপ্রভাত, আপনি সাগর পাড়ে কী খুঁজছেন? হাসিমুখে জানালেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার একটি অমূল্য রতন।
দীর্ঘ ২৫ বছর তিনি এভাবে সাগরসৈকতের বালি খুঁড়ে অনেক মূল্যবান জিনিস (নেকলেস, আংটি, অ্যান্টিক মুদ্রা) পেয়েছেন। আর কত দূরে সৈকতে চেয়ারে বসে আসেন জ্যাক নামে আরেকজন বয়স্ক মানুষ। হাতে ছিপ, অনেক লম্বা সুতা আটলান্টিকের ঢেউয়ে খেলা করছে। তাঁর স্থির চোখজোড়া জলের দিকে। ষাটোর্ধ্ব জ্যাক জানান, স্ত্রী তাঁকে ছেড়ে বেশ ভালোই আছেন। এখন তিনি একা। আর এই জীবনকে মেনে নিয়ে এভাবে ভুলে থাকতে চান হাজারো শূন্যতা।
বিশাল সাগরের কাছে প্রতিদিন হাজারো মানুষ তাদের হৃদয়ের না-বলা কথা শুনিয়ে যায়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকের দেনার কবলে পড়ে নব্বইয়ের দশকের শেষের দিকে এ শহর ব্যবসা-বাণিজ্য থমকে দাঁড়ায়। আশির দশকে গড়া ট্রাম্প তাজমহল, ট্রাম্প প্লাজাসহ নামকরা বেশ কিছু ক্যাসিনো ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে শহরের আর্থিক জৌলুশ কমে যায়। ইদানীং নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গড়ে ওঠায় আবারও প্রাণ ফিরে পেতে চলেছে এ শহর। বেশ কটি কলেজ-বিশ্ববিদ্যালয় চালুর অপেক্ষায়। নতুন নতুন ক্যাসিনো খোলা হচ্ছে।