আটলান্টিক সিটিতে দুর্গোৎসব উদ্যাপন

আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে। তিথি মতে এ সময়ের মধ্যে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ শেষ করা হয়। দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পূজা অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ।
দুর্গাপূজার এই কয়েকটি দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিলেন অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সব প্রবাসী হিন্দুর মনপ্রাণ—এ ছিল সবার অন্তরের কামনা।
শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি কাঞ্চন চৌধুরী ও সাধারণ সম্পাদক সুরজিৎ চৌধুরী মিলটন বিজয়া দশমী উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
পুরাণে দেবী দুর্গার আবির্ভাব তত্ত্বে বলা হয়েছে, সমাজের সব অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার মর্ত্যে আবির্ভাব। ত্রেতাযুগে অসুর কূলের দাপটে মানবজাতি যখন উৎকণ্ঠিত তখন মানব কল্যাণে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্র। তিনি পিতৃ আদেশে বনবাসে থাকাকালে লঙ্কেশর রাবণ তাঁর স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় লুকিয়ে রাখেন। লঙ্কাপুরি থেকে প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান করেন। বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করায় এই পূজাকে ‘অকালবোধন’ বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয়।
সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি। এ বছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন নৌকায় চড়ে, এতে ফসল উৎপাদন ভালো হবে। দেবী দুর্গা বিদায় নিলেন ঘোড়ায় চড়ে, এতে রোগ-বালাই সব দূর হবে।