আটলান্টিক সিটিতে বাংলাদেশিদের বর্ষবরণ

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরকে বরণ করেছেন। ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে। বাংলাদেশিরা এসব আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করে।
ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই সবাই ভেঁপু বাজিয়ে, উল্লাসধ্বনি করে নতুন বছরকে স্বাগত জানায়। এ ছাড়া আটলান্টিক মহাসাগরের সৈকত জুড়ে চলে চোখ জুড়ানো আতশবাজি পোড়ানোর উৎসব। প্রবাসী বাংলাদেশিরা তীব্র শীত উপেক্ষা করে নয়নাভিরাম আতশবাজি পোড়ানোর দৃশ্য অবলোকন করে।
প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের বাসায় ইংরেজি নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল বন্ধু-বান্ধব নিয়ে আড্ডাবাজি, হই-হুল্লোড়, বাহারি সাজে নিজেকে সাজানো আর হরেক পদের খাবারের আয়োজন।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক সময় নিভে আসে বর্ষবরণের আনন্দ আলো। প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরকে আবাহনের আনন্দ রেণু গায়ে মেখে ফিরে যায় নিজ ডেরায়, প্রত্যাশা তাদের নতুন বছর বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি।