
বাংলাদেশের মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করেছে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ।
এ উপলক্ষে সংগঠনটি আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টার মিলনায়তনে ১৭ ডিসেম্বর রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, মুক্তাদির রহমান ও বোরহান উল্লাহ কাউসার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আবদুল হাই। বাংলাদেশের জাতীয় সংগীত সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ ছাড়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আওয়ামী লীগের নেতা আবদুর রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—আবু নসর, ফারুক তালুকদার, বেলাল উদ্দীন, মনিরুজ্জামান, আবদুর রহিম, জাকিরুল ইসলাম ও বেলাল হোসেন।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার। তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়। গ্রামে-গঞ্জের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুজ্জামান। বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী নাদিরা ও মনসুর।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মহান বিজয় দিবসের অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।