আটলান্টিক সিটিতে মার্টিন লুথার কিং দিবস পালিত

প্রতি বছরের মতো এবারও জানুয়ারি মাসের তৃতীয় সোমবার নানা আয়োজনে আটলান্টিক সিটিতে উদ্যাপিত হয়েছে মার্টিন লুথার কিং দিবস।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি) উদ্যোগে ও আটলান্টিক সিটির নগর কর্তৃপক্ষের সহযোগিতায় ‘নাগরিক অধিকার বাগান’ ও সেন্ট জেমস এএমই গির্জায় এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় আটলান্টিক সিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ১৭০০ মারমোরা অ্যাভিনিউয়ে অবস্থিত মার্টিন লুথার কিং স্কুল কমপ্লেক্সে সমবেত হয়। এরপর নিউজার্সি রাজ্যের অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, অ্যাসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির মেয়র মার্টি এসমল, এনএএসিপির সভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরি হোয়াইট, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি নেতা সুমন মজুমদার প্রমুখের নেতৃত্বে সবাই শোভাযাত্রা নিয়ে সমবেত হন।
এরপর ‘নাগরিক অধিকার বাগান’ এর স্থাপত্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মার্টি এসমল, কলিম শাহবাজসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। কথামালা শেষে বাগানে স্থাপিত বিশাল ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এরপর সবাই সেন্ট জেমস এএমই গির্জার অনুষ্ঠানে যোগ দেন।
আফ্রিকান-আমেরিকানদের নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৬৮ সালে তাঁকে হত্যা করা হয়।