আটলান্টিক সিটিতে শ্রমিক সংগঠনের নির্বাচনে দুই বাংলাদেশির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর কবির ও ফারুক হোসেন
জাহাঙ্গীর কবির ও ফারুক হোসেন

আটলান্টিক সিটির ক্যাসিনো ও হসপিটালিটি কর্মীদের সংগঠন ইউনাইট হেয়ার লোকাল ৫৪-এর নির্বাচনে দুই বাংলাদেশি আমেরিকান জয়ী হয়েছেন। ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে জাহাঙ্গীর কবির দ্বিতীয়বারের মতো সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফারুক হোসেন প্রথমবারের মতো প্রতিনিধি পদে জয় পেয়েছেন।
জাহাঙ্গীর কবির বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিলের দৌলতপুরের বাসিন্দা। তেত্রিশ বছর আগে আমেরিকায় আসা জাহাঙ্গীর কবির দীর্ঘ ২২ বছর ধরে ‘ইউনাইট হেয়ার লোকাল ৫৪’ সংগঠনের সঙ্গে জড়িত। আটলান্টিক সিটির অন্যতম বড় এ শ্রমিক সংগঠনের হয়ে শ্রমিক অধিকার রক্ষায় তিনি নরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে থাকাকালে তৎকালীন চাটখিল পাঁচগাঁও ডিগ্রি কলেজের ভিপির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) নিউজার্সি চ্যাপ্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অধিবাসী ফারুক হোসেন দীর্ঘ ১৯ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। বাংলাদেশে থাকাকালীন তিনি রামগঞ্জ সরকারি কলেজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমেরিকায় এসেও তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি আটলান্টিক সিটি ডেমোক্রেটিক পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। মূলধারার রাজনীতিতে তাঁর সদর্প পদচারণার জন্য ইতিমধ্যে তিনি ‘রাইজিং ডেমোক্রেটিক স্টার’ পুরস্কারে ভূষিত হয়েছেন। কমিউনিটিতে ফারুক হোসেন লেবার ইউনিয়নের নেতা হিসেবে সমধিক পরিচিত। ইউনাইট হেয়ার লোকাল ৫৪-এর সঙ্গে গত ১৮ বছর ধরে কাজ করছেন তিনি। দক্ষিণ এশীয় শ্রমিকদের নেতা হিসেবে বর্তমানে তিনি অ্যাসালের সভাপতির দায়িত্ব পালন করছেন। মূলধারার রাজনীতিতে তাঁর প্রভাব দিন দিন বাড়ছে। গত বছরের ৬ নভেম্বর অনুষ্ঠিত নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র এশীয় ও বাংলাদেশি আমেরিকান হিসেবে বিজয়ী হন ফারুক হোসেন।