আটলান্টিক সিটিতে ২৪ এপ্রিল বৈশাখী মেলা ও পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে নতুন বছর। ১৪২৫ বঙ্গাব্দ। পুরোনো বছরের যত গ্লানি, খেদ; সব দূর করে নতুন বছরকে বরণ করে নিতে বাংলার শহর-গ্রাম-গঞ্জে এখন চলছে নববর্ষ উদ্‌যাপনের প্রস্তুতি। তার ঢেউ এসে আছড়ে পড়েছে সুদূর আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতেও। বাংলা নতুন বছর উদ্‌যাপনের লক্ষ্যে আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা ও পিঠা উৎসবের।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ২৪ এপ্রিল আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই নববর্ষের উৎসব অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। বর্ষ বরণের অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সংগীতানুষ্ঠান, বৈশাখী মেলা ও পিঠা উৎসব। মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারু ও কারুশিল্প, বুটিক, পোশাকপরিচ্ছদ, গয়নাসহ নানান দেশীয় পণ্যের সমাহার থাকবে। উৎসবের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী রাজীব ভট্টাচার্য ও তনিমা হাদী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম প্রবাসী বাংলাদেশিদের বৈশাখী মেলা ও পিঠা উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।