আটলান্টিক সিটিতে 'ঈদ বাজার' অনুষ্ঠিত

আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ২৯ মে এ ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারে যৌথ উদ্যোগে এ ‘ঈদ বাজার’-এর আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে ঈদ বাজারে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। কমিউনিটি ব্যক্তিত্ব কাজী লিটনের সঞ্চালনায় সংগঠনের কর্মকর্তা আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন, রহমান বাবুল প্রমুখ ঈদ বাজারে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
পবিত্র ঈদুল ফিতরের আগে অনুষ্ঠিত এ ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, খেলনা ইত্যাদি প্রদর্শন করা হয়। বিক্রিও হয়েছে ভালো।
মেলায় অংশ নেওয়া প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মমতাজ বলেন, তাঁর স্টলে নারীদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালো বিক্রি হয়েছে। প্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী মো. আলীর দোকানে ছিল মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক, যা বেশ ভালো বিক্রি হয়েছে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শীলা বলেন, তিনি মেলায় অংশ নিয়ে অত্যন্ত খুশি। নিয়মিত এ মেলায় অংশগ্রহণের ইচ্ছা রয়েছে।
ঈদ বাজারে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের কয়েকজন জানালেন, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকারসহ নানা ধরনের পণ্য পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। দাম বেশি বলে কেউ কেউ অনুযোগ করলেও সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশই। তাঁরা ঈদ বাজারের মতো এমন একটি আয়োজনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ঈদ বাজারের আয়োজকদের অন্যতম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটু ছোঁয়া দিতেই এ প্রয়াস।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এ ঈদ বাজারে আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা জোগাচ্ছে।