আটলান্টিক সিটিতে 'ন্যাশনাল নাইট আউট ডে' পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটলান্টিক সিটিতে ন্যাশনাল নাইট আউট ডে উদ্‌যাপনে মার্কিনরা
আটলান্টিক সিটিতে ন্যাশনাল নাইট আউট ডে উদ্‌যাপনে মার্কিনরা

আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ‘ন্যাশনাল নাইট আউট ডে’ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বড় আয়োজন ছিল আটলান্টিক সিটির ১২০০ নর্থ ড. মারটিন লুথার কিং বুলেভার্দের পপ লয়েড স্টেডিয়ামে।
আটলান্টিক সিটি পুলিশ বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মুখাবয়বে আঁকিবুঁকি, খাওয়া-দাওয়া, অগ্নি নির্বাপণ মহড়া, র‌্যাফল ড্র ইত্যাদি। আটলান্টিক সিটির বিপুলসংখ্যক অধিবাসী এই অনুষ্ঠানে যোগ দেয়।
এ ছাড়া আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলর জেসি কার্টজ ও চেলসি হাইটস নেইবারহুড পুলিশ কর্মকর্তা আল হারবাট ও জেরাড ইনজেনিটোর উদ্যোগে চেলসি হাইটসের মুস লজে এ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের খেলাধুলা, হরেক পদের খাবার-দাবার, লাইভ ডিজে, কমিউনিটি আড্ডা ইত্যাদি।
ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলর জেসি কার্টজ অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, কমিউনিটির লোকদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যেই তাঁর এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ ষষ্ঠ ওয়ার্ডে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ যোগ দেন।
উল্লেখ্য গত তিন বছর থেকে কাউন্সিলর জেসি কার্টজ ষষ্ঠ ওয়ার্ডে ‘ন্যাশনাল নাইট আউট ডে’ পালন করে আসছেন।
আমেরিকায় প্রতি বছর আগস্ট মাসের প্রথম মঙ্গলবার ‘ন্যাশনাল নাইট আউট ডে’ পালিত হয়। পুলিশ প্রশাসন ও কমিউনিটির মধ্যে অংশীদারত্বমূলক সম্পর্ক সৃষ্টি ও তা সুদৃঢ় করাই এই দিবস উদ্‌যাপনের লক্ষ্য।