আটলান্টিক সিটিতে 'বাংলাদেশ মেলা' অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেলার মঞ্চে আগত অতিথিরা
বাংলাদেশ মেলার মঞ্চে আগত অতিথিরা

আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে স্থানীয় একটি ভেন্যুতে ২৭ আগস্ট বসে বাংলাদেশিদের এ মিলনমেলা।

২৭ আগস্ট বিকেল গড়াতেই নিউজার্সির বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা সমবেত হতে থাকেন ভেন্যু সেন্ড ক্যাসল স্টেডিয়ামের খোলা প্রান্তরে। পাশের অন্যান্য অঙ্গরাজ্য থেকেও ছুটে আসেন অনেকে। মেলায় নানা আয়োজনের মধ্যে ছিল দেশীয় পণ্যের স্টল, দেশীয় খাবারের স্টল, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা, র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ মেলায় প্রধান অতিথি ছিলেন আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদের মিয়া। আমন্ত্রিত অতিথি ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, অ্যাসেম্বলিম্যান প্রার্থী ফিল গুয়েনথার, জন রিসলি, আটলান্টিক কাউন্টির নির্বাহী প্রার্থী সুসান এম করনগাট, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রার্থী সুব্রত চৌধুরী প্রমুখ।

নিউজার্সিসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি মেলায় অংশ নিতে ছুটে এসেছিলেন
নিউজার্সিসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি মেলায় অংশ নিতে ছুটে এসেছিলেন

মেলায় বাংলাদেশি-আমেরিকান শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রঙের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়। তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে প্রধান অতিথি আবদুল কাদের মিয়া বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের প্রধান কাঞ্চন বল, ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, মনির হোসেন, আবদুল জামিল, জসিম উদ্দীন, আয়োজক সংগঠনের সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, প্রধান উপদেষ্টা সৈয়দ মো. কাউছার, বাংলাদেশ মেলা-২০১৯-এর আহ্বায়ক আহসান হাবীব, সদস্যসচিব মিরাজ খান, ফরহাদ সিদ্দিক, মো. সেলিম, শেখ সেলিম, আলী হোসেন, নজরুল ইসলাম আকাশ, বিপ্লব দাশ, গোলাম হাফিজসহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি লাবলু আনসার, এটিএন বাংলার ইউএস প্রধান কানু দত্ত, টিবিএন ২৪-এর পিনাকী, চ্যানেল আই ইউএসএর প্রধান রাশেদ আহমেদ, বাংলা চ্যানেলের আকাশ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি-আমেরিকান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মেলায় আটলান্টিক কাউন্টির বিভিন্ন স্কুলের অষ্টম গ্রেড পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ক্রেস্ট বিতরণ করেন মেলায় আগত অতিথিবৃন্দ। এ পর্ব সঞ্চালনা করেন বিপ্লব দেব।
মেলার বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের বিক্রি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসের জনপ্রিয় সঞ্চালক আশরাফুল হাসান বুলবুল। আটলান্টিক সিটির পাঁচ কৃতি প্রবাসী বাংলাদেশিকে মেলায় বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন জসীমউদ্দীন, মিরাজ খান, কাঞ্চন বল, সৈয়দ মো. কাউসার ও আমিরুল ইসলাম টফি। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। প্রধান অতিথি আবদুল কাদের মিয়ার হাতে কমিউনিটি সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক তুলে দেন জেফ ভ্যান ড্রিউ ও ফরহাদ সিদ্দিক।

মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী বিউটি ও বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী চন্দন চৌধুরী। সব শেষে মঞ্চ মাতাতে আসেন সারেগামাপাখ্যাত ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুপ্রতীপ। যন্ত্রসংগীতে শিল্পীদের সহযোগিতা করেন মাটি ব্যান্ডের সদস্যরা।

র‌্যাফল ড্রয়ের মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে। এতে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের সমাহার ছিল।