আটলান্টিকে আরেকটি ৫ মাত্রার ঘূর্ণিঝড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে পুয়ের্তো রিকোর গুয়ামে বিধ্বস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা
ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে পুয়ের্তো রিকোর গুয়ামে বিধ্বস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা

নিউইয়র্কের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় হোসের দিকে এখন মনোযোগ সবার। ১ মাত্রার এ ঝড় নিয়ে তেমন আশঙ্কা না থাকলেও ‘হারভে’ ও ‘ইরমা’র অভিজ্ঞতার কারণে সতর্ক সবাই। কিন্তু এর মধ্যেই আটলান্টিকে সৃষ্ট ৫ মাত্রার আরেক ঝড় ‘মারিয়া’ আঘাত হেনেছে ডোমিনিকায়। এ অবস্থায় পুয়ের্তোরিকো, ভার্জিন আইল্যান্ডসহ সংশ্লিষ্ট দ্বীপ ও উপকূলীয় এলাকায় ব্যাপক সতর্কাবস্থা নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তুলনামূলক দুর্বল ঘূর্ণিঝড় হোসে’র মূল ভূখণ্ডে আঘাত করার আশঙ্কা তেমন নেই। তবে ঝড়টির কারণে নিউইয়র্কের লং আইল্যান্ড ও নিউজার্সি এলাকায় ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। বর্তমানে সবচেয়ে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন ঘূর্ণিঝড় মারিয়া। ১৯ সেপ্টেম্বর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়টি ডোমিনিকায় আঘাত হয়েছে। এ সময়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার। তবে ঝড়টির কেন্দ্র মূল ভূখণ্ড থেকে ৫৬ কিলোমিটার দূরে থাকায় তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মারিয়ার গতিপথ কিছুদিন আগে ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড় ইরমার প্রায় অনুরূপ। নতুন এ ঝড় পুয়ের্তো রিকো, হাইতিসহ আমেরিকার দ্বীপাঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। সংস্থাটির পূর্বাভাসমতে, ঝড়টি আগামী দুই একদিন মার্কিন উপকূলের কাছেই অবস্থান করবে। পুয়র্তো রিকো কিংবা ভার্জিন আইল্যান্ড অতিক্রমের এর শক্তি ৪ অথবা ৫ মাত্রা থাকার আশঙ্কাই বেশি।
মারিয়ার আঘাতে ডোমিনিকায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়ার কারণে ক্ষয়ক্ষতি এড়াতে দ্বীপরাষ্ট্রগুলোর সরকার ব্যাপক সতর্ক রয়েছে। ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট মারিয়াকে ‘প্রলয়ংকরী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। একই সঙ্গে সব নাগরিককে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি। একইভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের প্রধানমন্ত্রী টিমোথি হ্যারিস সব নাগরিকদের ঘরের মধ্যে অবস্থানের আহ্বান জানিয়েছেন।
তবে ইরমার দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আরেকটি ৫ মাত্রার ঝড় ধেয়ে আসায় শঙ্কার মাত্রা তুলনামূলক বেশি। কারণ ইরমায় বিধ্বস্ত দ্বীপগুলো এখনো যথেষ্ট প্রস্তুত নয়। অনেক স্থানেই বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন হয়নি এখনো। আশ্রয়কেন্দ্রগুলোও পুরোপুরি প্রস্তুত নয়।