আড়ি পাতার ঘটনায় ওলাঁদকে ফোন ওবামার

ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দাগিরির তথ্য উইকিলিকসে ফাঁস হয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে ফোন করেছেন। এই ফোনালাপের পর হোয়াইট হাইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে স্বীকার করা হয়েছে, এনএসএর এই নজরদারির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর ‘যুক্তরাষ্ট্রের বন্ধু এবং সহযোগীদের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।’ খবর গার্ডিয়ানের।
উইকিলিকসের তথ্য ফাঁসের পর ক্ষুব্ধ ফরাসি সরকার ফ্রান্সে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে। তাঁর কাছে জরুরিভিত্তিতে এনএসএর টেলিফোন নজরদারির বিষয়ে জানতে চায় ফ্রান্স। পরে বারাক ওবামা ওলাঁদকে ফোন করেন। ওই ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদ গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের কর্মকাণ্ডকে বিকৃত করে তুলে ধরা হয়েছে। ’
বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ওবামা ফোনে এ বিষয়টি স্পষ্ট করেছেন যু্ক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতি পুনর্মূল্যায়ন করছে। যার ফলে আমাদের জনগণ এবং সহযোগীদের নিরাপত্তাজনিত উদ্বেগ এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে একটি সামঞ্জস্য আনা যায়।’
এদিকে ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ানের সঙ্গে সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, তিন ফরাসি প্রেসিডেন্টের বিষয়ে গোয়েন্দাগিরির ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এ ঘটনায় পার্লামেন্টারি তদন্ত করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান তিনি।