আতঙ্ক কাটছে না নথিপত্রহীন অভিবাসীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যাচু অব লিবার্টি

ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এখনো কাগজপত্রহীন অভিবাসীদের আতঙ্ক কাটেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী আইন ও উদ্যোগের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। বাইডেন প্রশাসন থেকে স্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত অবস্থার পরিবর্তন হবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৮ নভেম্বর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ১০০ নথিপতত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। ফলে আতঙ্ক লেগেই রয়েছে। একই অবস্থা বাংলাদেশি নথিপত্রহীন অভিবাসীদের।

গত অক্টোবর মাসে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে নথিপত্রহীন ৮৩ অভিবাসীকে গ্রেপ্তার করে আইস। কাগজপত্রহীন অভিবাসী আশরাফ নিজামী বলেন, ‘বাইডেন জয়ী হওয়ায় আমরা কিছুটা স্বস্তিতে আছি। তবে আতঙ্ক কাটেনি। নতুন প্রেসিডেন্টের ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের কী হবে বুঝতে পারছি না। অনেকেই আইসের ভয়ে নিজের ঠিকানা বদল করে অন্যত্র চলে গেছেন। তারা আবার নিউইয়র্কে ফিরবেন কিনা শঙ্কায় আছেন।’

এমনি একজন বাংলাদেশি অভিবাসী মোবাশ্বের হোসেন। তিনি বলেন, ‘আইস যখন ধরপাকড় শুরু করে, আমি তখন নিউইয়র্ক থেকে অন্য রাজ্যে চলে যাই। তবে আমার ঠিকানা নিউইয়র্কেই আছে। বদল করিনি। এখন আবার নিউইয়র্কে ফিরে আসব কিনা চিন্তায় আছি। আবার ভয়ও লাগছে, কী করব বুঝে উঠতে পারছি না।’

আইসের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ওসমানি নামে এক বাংলাদেশি অভিবাসী। তিনি বলেন, ‘পাঁচ মাস আগে একটি উড়ো চিঠির অভিযোগের ভিত্তিতে আইস আমাকে গ্রেপ্তার করে। তারা আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পায়নি। ২৫ দিন পর আমি জামিনে বেরিয়ে আসি।’

ওসমানি আরও বলেন, তাঁর ইমিগ্রেশনের কাগজপত্রে কিছুটা ঘাটতি আছে। তাই যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের ভয়ে সব সময় আতঙ্কে থাকেন। নতুন প্রেসিডেন্ট যদি তাদের জন্য কিছু করেন, তাহলে তাঁরা বেঁচে যাবেন। অন্যথায় কী হবে বুঝতে পারছেন না।

সব মিলিয়ে অভিবাসীবান্ধব প্রেসিডেন্ট নির্বাচিত হলেও কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে এখনো আতঙ্ক আছে। বাইডেন এসেই অবৈধ অভিবাসীদের স্বার্থে কাজ শুরু করবেন, সেটি নিয়েও তাঁ সংশয়ে আছেন।