আত্মপক্ষ সমর্থনে ট্রাম্পের হবু অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফ সেশনস
জেফ সেশনস

যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির কঠোর জেরার মুখোমুখি হয়েছেন দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। পেশাগত জীবনে ধর্মান্ধতার নীতি অনুসরণ এবং উগ্র বর্ণবাদী, ধর্মবিদ্বেষী ও অভিবাসনবিরোধী সংগঠন কু ক্লাক্স ক্লানকে (কেকেকে) সমর্থন করার অভিযোগ নিয়ে জেরার সম্মুখীন হন তিনি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ওয়াশিংটনের ক্ষমতা হস্তান্তরের আগ দিয়ে তাঁর বিরোধীদের বিক্ষোভ চলার মধ্যে সেশনকে এই জেরা করল সিনেট কমিটি। তবে গত মঙ্গলবারের এ জেরায় তিনি নিজেকে একজন বর্ণবাদী হওয়ার অভিযোগ নাকচ করে দেন। প্রতিশ্রুতি দেন নতুন প্রেসিডেন্টের অযাচিত কর্মকাণ্ড রোধে কাজ করার। শুনানি চলাকালে কিছু স্থান থেকে বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ।
জেরায় জেফ সেশনস তাঁর বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে আখ্যায়িত করেন। ‘ট্রাম্প নয়, কেকেকে নয়, বর্ণবাদী যুক্তরাষ্ট্র নয়’—ক্ষুব্ধ বিক্ষোভকারীদের এমন নানা স্লোগানের মুখে বারবার বিঘ্নিত হয় এই শুনানি। সেশনস দাবি করেন, ‘আমি ক্লান ও এটি যেসব বিষয়ের প্রতিনিধিত্ব করে এবং এর ঘৃণ্য মতাদর্শ প্রত্যাখ্যান করি।’ যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রয়োগকারী কর্মকর্তা হিসেবে ‘আফ্রিকান-আমেরিকান ভাইবোন’ ও সেই সঙ্গে নারী এবং এলজিবিটিদের রক্ষার অঙ্গীকারও করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্পের অতি চরমভাবাপন্ন কিছু প্রতিশ্রুতির সঙ্গে নিজে একমত নন বলে দাবি করেন আলাবামার প্রবীণ এই সিনেটর। বন্দীদের জিজ্ঞাসাবাদে মার্কিন বাহিনীর অনুসরণ করা নির্যাতনমূলক পদ্ধতির একটি ‘ওয়াটারবোর্ডিং’কে অবৈধ বলে আখ্যা দেন তিনি। এ ছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সব মুসলিমের জন্য কোনো প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়।

কমিটির সর্বজ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য সিনেটর ডায়ান ফেইনস্টেইন শুনানিতে সেশনকে বলেন, ট্রাম্পের কিছু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রবাসীর কারও কারও মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। যেমন: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দমনাভিযান ও অপরাধ বিষয়ে কঠোর নীতিতে ফেরার পরিকল্পনা। তিনি আরও বলেন, নিজেদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বিচার দপ্তরের ওপর আস্থা রাখা যাবে কি না, তা নিয়ে দেশজুড়ে কমিউনিটিগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জবাবে আত্মপক্ষ সমর্থন করে সেশনস তাঁর বক্তব্য দেন। নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সংঘটিত সহিংসতা ছাড়াও দেশে মহামারির মতো চলা হেরোইন আসক্তির ঘটনার বিষয়ে সেশনস বলেন, ‘এই প্রবণতা চলতে দেওয়া যায় না।’