আত্মশুদ্ধি ও সংযমের মাস
‘রোজা’ ফারসি শব্দ, যার আরবি প্রতিশব্দ ‘সওম’ বা ‘সিয়াম’। সওমের আভিধানিক অর্থ বিরত থাকা। শরিয়তের পরিভাষায়, ইবাদতের উদ্দেশ্যে সুবহে সাদেক বা সূর্যোদয়ের পূর্বাভাসের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস ও ইন্দ্রিয় তৃপ্তিকর কাজ থেকে বিরত থাকার নাম রোজা বা সওম। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা সবিশেষ উল্লেখযোগ্য।
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত রমজানে মুসলমানদের মধ্যে মাসব্যাপী রোজা পালিত হয়। এ মাসে অপ্রাপ্ত বয়স্ক, রোগী, মুসাফির, পাগল, হায়েজ-নেফাস সম্পন্না মহিলা ও শরিয়তের পরিভাষায় অক্ষম ব্যতীত প্রত্যেক নর-নারীর জন্য রোজা পালন করা ফরজ। পবিত্র কোরআন শরিফের বাণী—‘হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর। নির্দিষ্ট কয়েক দিনের জন্য যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পার। অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তবে অন্য সময়ে এ সংখ্যা পূরণ করে নিবে। আর এটি যাদের জন্য অপারগ হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশির সঙ্গে সৎ কাজ করে, তা তার জন্য কল্যাণকর।’
পবিত্র কোরআনে আরও এরশাদ করা হয়েছে, ‘যদি তোমরা তা বুঝতে পার, রমজান মাস হলো সেই মাস, যাতে অবতীর্ণ হয়েছে আল-কোরআন যা মানবজাতির জীবন বিধান এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। আর হক ও বাতিলের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ মাসটি পাবে, সে যেন এ মাসে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির অবস্থায় থাকবে, সে যেন অন্য সময় এ সংখ্যা পূরণ করে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। যাতে তোমরা সংখ্যা পূরণ করতে পার...। (আল কোরআন, সুরা বাকারা, ১৮৩-১৮৫)
হজরত সালমান পারসি (রা.) বর্ণনা করেন, শাবান মাসের শেষদিনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিও সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, হে মানবজাতি! একটি মহান ও মোবারক মাস তোমাদের কাছাকাছি। এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তোমাদের প্রতি এ মাসের রোজা ফরজ করেছেন, আর রাতে দাঁড়িয়ে নামাজ পড়াকে অতিরিক্ত ইবাদত বলে বর্ণনা করেছেন। এ মাসে যদি কেউ ভালো কাজ করে, তবে তা হবে অন্য মাসে ফরজ আদায়ের সমতুল্য। রমজান হচ্ছে ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। রমজান হচ্ছে সহানুভূতির মাস। যে মাসে মোমিনের রিজিক বর্ধিত করে দেওয়া হয়। যে ব্যক্তি এ মাসে রোজাদারকে ইফতার করাবে, তা তার জন্য গুনাহ এবং দোজখের আগুন থেকে উদ্ধারের মাধ্যম হবে। আর তাঁকে রোজাদারের সমান প্রতিদান দেওয়া হবে। এতে রোজাদারের সওয়াব হ্রাস পাবে না।’
যে ব্যক্তি তাঁর হালাল উপার্জন দিয়ে কোন রোজাদারকে ইফতার করাবে, তার জন্য ফেরেশতারা রোজার রাতসমূহে দোয়া করতে থাকবে আর শবে কদরে জিবরাইল (আ.) তার সঙ্গে মুসাফা করবেন। আর যার সঙ্গে মুসাফাহা করবেন তার আত্মা বিগলিত হয়ে যাবে, তার চোখে পানি আসবে। হজরত সালমান ফারসি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলুল্লাহ! যার এমন সম্বল নেই, তার সম্বন্ধে আপনার মতামত কি? রাসুল (সা.) বললেন, আল্লাহ তাকে এ সওয়াব দান করবেন, যে ব্যক্তি কোন রোজাদারকে একটি খেজুর অথবা পানীয় দ্বারা অথবা এক কাপ দুধ দ্বারা ইফতার করাবে। আর তা এমন মাস যার প্রথমে রহমত, মধ্যভাগে মাগফিরাত ও শেষে দোজখ থেকে জান্নাত রয়েছে। যে কেউ এ মাসে তার অধীনস্থদের কাজকর্ম লঘু করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আর তাকে দোজখের আগুন থেকে মুক্ত করবেন। (বায়হকী: শায়াবুল ঈমান)
রাসুল (সা.) আরও বলেন, রমজান মাসে আল্লাহ তায়ালা আমার উম্মতকে এমন পাঁচটি জিনিস দান করেছেন, যা এর আগে অন্য কোন নবীকে দান করা হয়নি। যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন আল্লাহ তায়ালা এই উম্মতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তাকে কখনো কষ্ট দেবেন না। ❒রোজা পালনকারীরা যখন শেষ বেলায় উপনীত হন, তখন তাদের মুখের গন্ধ আল্লাহর কাছে অধিক প্রিয় বলে গণ্য হয়। ফেরেশতারা তাদের জন্য দিন-রাত দোয়া করতে থাকেন। আল্লাহ তায়ালা বেহেশতকে হুকুম করেন, প্রস্তুত হও, অচিরেই তারা দুনিয়ার ক্লেশ থেকে মুক্ত হয়ে আমার ঘরে আমার সম্মানের পাদদেশে আরাম করার জন্য আসবে। যখন রমজানের শেষ রাত হয়, তখন সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তা কি কদরের রাত? হুজুর (সা.) বললেন- না, তোমরা কি দেখ নাই শ্রমিকদের ব্যাপারে? তারা কাজ করে যখন শেষ করে, তখন তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয়। (বায়হকী)
হজরত সাহাল (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) রোজাদারদের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে বলেন, জান্নাতের একটি ফটকের নাম হলো রাইয়্যান। কিয়ামতের দিন এ ফটক দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবেন। অন্য কেউ এ ফটক দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদারকে চিহ্নিত করে আহ্বান করা হবে এবং তারা এদিকে অগ্রসর হবেন, অন্য কেউ এদিকে প্রবেশ করতে পারবে না। রোজাদারগণ প্রবেশ করার পর তা বন্ধ করে দেওয়া হবে। (বোখারি)
রোজাকে হাদিস শরিফে ‘শরীরের জাকাত’ বলা হয়েছে। অন্যত্র বলা হয়েছে, ‘রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক ও ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত। আর পরকালীন শাস্তি থেকে মুক্তিলাভের উপায় হিসেবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ।’
রাসুল (সা.) বলেন, ‘আমাদের ও আহলে কিতাবের (ইহুদি ও নাসারা মানুষের) রোজার মধ্যে পার্থক্য হলো, আমরা সাহরি খাই, তারা খায় না। তোমরা সাহরি খাও, কারণ এর মধ্যে বরকত নিহিত রয়েছে।’ হজরত মায়েদ ইবনে সাবিত (রা.) বলেন, আমরা রাসুল (সা.)–এর সঙ্গে সাহরি খেয়েছি। তারপর নামাজে দাঁড়িয়েছি। জিজ্ঞাসা করা হলো, উভয়ের (সাহরি ও নামাজ) মধ্যে কতটুকু ব্যবধান ছিল? তিনি উত্তর দেন, ৫০টি আয়াত তিলাওয়াত করতে যতটুকু সময় লাগে, ততটুকু।’
রোজার নিয়ত—নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমজানুল মোবারকি ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্কাব্বাল মিন্নি ইন্নাকা আনতাছ ছামিউল আলিম।’ অর্থাৎ হে আল্লাহ! আমি আগামীকাল রমজান মাসে রোজা রাখার নিয়ত করছি। যা তোমার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। অতএব, আমার পক্ষ থেকে তা কবুল কর, নিশ্চয় তুমি শ্রোতা ও সর্বজ্ঞ।
ইফতারের নিয়ত—‘আল্লাহুম্মা ছুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজকিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহীমীন।’ অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার নামে রোজা রেখেছি এবং তোমার রুজি প্রদানের ওপর নির্ভর করছি। তোমার রিজিক দ্বারা ইফতার করছি। হে পরম দয়ালু-দয়াময়।
হজরত উমর খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন ওই (পূর্ব) দিক থেকে আসে এবং দিন ওই (পশ্চিম) দিকে চলে যায় আর সূর্য ডুবে যায়, তখন রোজাদার যেন ইফতার করে নেয়। (মুসলিম)
হজরত সালমান ইবনে আমির দাববী সাহাবি (রা.) থেকে বর্ণিত নবী আকরাম (সা.) বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করে তখন তাকে খেজুর দিয়ে ইফতার করা উচিত। তবে যদি সে খেজুর না পায়, তাহলে পানি দিয়ে ইফতার করা উচিত। কারণ পানি হচ্ছে পবিত্র (তিরমিজি )।
হজরত আনাস (রা.)–এর বর্ণনা থেকে পাওয়া যায়, রাসুল (সা.) নামাজের (মাগরিবের) আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। আর তাজা না পেলে শুকনো খেজুর দিয়ে। আর তাও যখন না পেতেন, তখন কয়েক ঢোক পানি পান করতেন। (আবু দাউদ)
শেষ ১০ দিন ইতিকাফ: রমজানের শেষ দশদিনে ইতিকাফ করা সুন্নতে মোয়াক্কাদা কেফায়া। রাসুল (সা.) এ মাসের শেষ ১০ দিনে ইতিকাফ করতেন। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে অনুরূপ হাদিসে বর্ণনা পাওয়া যায়। ইতিকাফের সময় প্রস্রাব-পায়খানা বা ফরজ গোসল ছাড়া অন্য কোনো কারণে মসজিদের সীমানার বাইরে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়।
জরুরি কিছু নির্দেশাবলি: রোজা রেখে শরিয়ত সম্মত কারণ ব্যতীত ইচ্ছাকৃতভাবে খানাপিনা বা স্ত্রী সম্ভোগ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। আর এতে কায়া ও কাফফরা উভয় ওয়াজিব হয়ে যায়। রোজার কাফফারা হলো ক্রমান্বয়ে ৬০টি রোজা রাখা। এমন সামর্থ্য না হলেও ৬০ জন মিসকিনকে আহার করানো। অনিচ্ছাকৃতভাবে অজু-গোসলের পানি বা অন্য কোনো খাদ্যবস্তু গলার নিচে গেলে, মুখ ভর্তি বমি গিলে ফেললে ইত্যাদি কারণে রোজা ভঙ্গ হয়। আর এ জন্য শুধু কাজা ওয়াজিব হবে (কাফফারা ওয়াজিব নয়)।
রোজা অবস্থায় সুরমা-আঁতর ব্যবহার করা জায়েজ। রোজার জন্য যে রূপ পানাহার, সংগম ও ইন্দ্রিয় তৃপ্তিকর কাজ থেকে বিরত থাকা ফরজ, তদ্রূপ নিয়ত করা ফরজ। যদি কেউ রোজার নিয়ত ছাড়া সারা দিন পানাহার না করে, তবে তাঁর উপবাস হবে, রোজা হবে না। নিয়ত মুখে উচ্চারণ করা ফরজ নয়। মনে মনে সংকল্প বা নিয়ত করে নিলে রোজা হয়ে যাবে। তৎসঙ্গে মৌখিকভাবে মাতৃভাষা বা আরবিতে নিয়ত করা উত্তম। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, সুস্থ, মুকিম ও সম্পূর্ণ স্থির মস্তিষ্কসম্পন্ন মুসলমান নর-নারীর ওপর রমজানের রোজা পালন করা ফরজ বা একান্ত আবশ্যক। অপ্রাপ্ত বয়স্ক, গুরুতর পীড়িত, মুসাফির ও পাগলের রোজা রাখা ফরজ নয়। তবে রুগ্ণ ব্যক্তি সুস্থ হওয়ার পর এবং মুসাফির ব্যক্তি মুকিম হওয়ার পর তাদের ভঙ্গকৃত রোজা কাজা পালন করতে হবে। মুসাফির ব্যক্তি যদি সফরের অবস্থায় কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, তবে তার জন্য সফরের অবস্থায় রোজা রাখা জায়েজ রয়েছে। গর্ভবতী মা যদি গর্ভের সন্তানের ও প্রসূতি যদি তার সদ্যোজাত দুগ্ধপোষ্য সন্তানের জীবনের আশঙ্কা থাকে, তবে তারাও রুগ্ণ ব্যক্তির মতো আপাতত রোজা ভঙ্গ করবেন এবং পরে সুবিধামতো সময়ে তা কাজা আদায় করবেন।
রোজার শিক্ষা ও সার্থকতা: প্রকৃতপক্ষে রোজা অর্থাৎ পানাহার ও যৌনসম্ভোগ থেকে বিরত থাকা লক্ষ্য নয়, মাধ্যম মাত্র। অন্যদিকে রোজা মানে ক্ষুধার্ত-অভাবী মানুষের যন্ত্রণাকাতর জীবন উপলব্ধি করা। অসহায় বা সর্বহারা মানুষের ক্ষুধার জ্বালা উপলব্ধির মাধ্যমে সহমর্মিতা পোষণের জন্য রোজার আগমন। আত্মসংশোধন ও আত্মশুদ্ধির মাস হলো রমজান। পানাহার ও যৌনক্ষুধার আহ্বান থেকে নিজেকে একেবারে গুটিয়ে নেওয়া উদ্দেশ্য নয়, নিজেকে সংযমী ও পরের সেবায়, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা অর্জন উদ্দেশ্য। আর তাই হলো রোজার প্রকৃত শিক্ষা ও আদর্শ।