আত্মহত্যা করতে চেয়েছিলেন আকায়েদ: আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকায়েদ উল্লাহ
আকায়েদ উল্লাহ

২০১৭ সালের ১১ ডিসেম্বর জনাকীর্ণ পোর্ট অথোরিটি টার্মিনালে নিজ শরীরে বেঁধে রাখা পাইপ বোমা বিস্ফোরণে আহত আকায়েদ উল্লাহ আত্মহত্যা করতে চেয়েছিলেন। কোনো সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা তাঁর ছিল না।
আকায়েদের আইনজীবী জুলিয়া এল গ্যাটো গত ৩০ অক্টোবর ম্যানহাটন ক্রাউন কোর্টে দেওয়া এক জবানবন্দিতে এ কথা জানান।

জুলিয়া বলেন, আকায়েদ একজন অবসাদগ্রস্ত ও নিঃসঙ্গ তরুণ। শুধু নিজেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। আইনজীবী আদালতে উপস্থিত বিচারক ও জুরিদের উদ্দেশ্যে বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের কোনো ধর্মীয় উন্মাদনা ছিল না। এ রকম কোনো বিষয়ই তাঁর মধ্যে কাজ করেনি।

তবে ব্রুকলিনে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহ সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ত ৪২ স্ট্রিট স্টেশনে নিজ শরীরে বাঁধা পাইপবোমাটি বিস্ফোরণকালে হাজারো পথচারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি এটি করেছি ইসলামি স্টেট প্রতিষ্ঠার লক্ষ্যে। সারা টার্মিনালজুড়ে আতঙ্কিত পথচারীদের প্রাণভয়ে ছোটাছুটির মধ্যে পুলিশ গুরুতর আহতাবস্থায় আকায়েদ উল্লাহকে আটক করে দ্রুত স্থানীয় বেলভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে চুপ থাকলেও পরে জানায়, মধ্যপ্রাচ্যে আমেরিকান সরকারের বিতর্কিত ভূমিকার জন্য তিনি বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।

এই বিচারকাজ এমন এক সময় শুরু হলো যখন নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পিটসবার্গের একটি ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। পাশাপাশি ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতাদের বাসভবনে বিস্ফোরকের প্যাকেট পাঠানো হয়েছে।
ফেডারেল প্রসিকিউটর রেবেকা ডনালস্কি নানা প্রমাণপত্র বিচারকের সম্মুখে উপস্থাপন করে বলতে চাইছেন, আকায়েদ উল্লাহ মূলত একজন চরমপন্থী মুসলিম যিনি আইএসআইএস-এর প্ররোচনা এবং আদর্শে বিশ্বাস করেই এ ধরনের গুরুতর অপরাধ করেছেন।
কীভাবে আকায়েদ উল্লাহ নিজ কর্মস্থল থেকে পাইপ ও স্ক্রু সংগ্রহ করে নিজ আবাসস্থলে বসে বোমাটি প্রস্তুত করেন—প্রসিকিউটর তার বিশদ বর্ণনা দেন। তিনি বলেন, পাইপের ভেতর ধারালো ধাতব সামগ্রী ও লোহা সংগ্রহ করা হয়েছে তাঁর কর্মস্থলের ক্রিসমাস ট্রি থেকে। পাইপটি বিস্ফোরক পাউডারে পূর্ণ করে টেপ দিয়ে মুড়ে সাবধানতার সঙ্গে লম্বা দুটো তার ৯ ভোল্ট ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে নিজের বুকে বেঁধে নেন তিনি।
পাইপ বোমা নিয়ে ব্রুকলিন থেকে ট্রেনে চড়ে পোর্ট অথোরিটি স্টেশনে আসার আগে আকায়েদ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে আকায়েদ লিখেছেন, ‘হে ট্রাম্প, তুমি তোমার জাতিকে রক্ষা করতে বিফল হলে।’
২০১৭ সালের এই ন্যাক্কারজনক হামলায় কারও প্রাণহানি না হলেও বিস্ফোরণস্থলের খুব কাছে থাকা নিউজার্সির বাসিন্দা ৬৫ বছর বয়সী ডেভিড ওয়াল বোমার ভেতরে থাকা ধারালো বস্তুর আঘাতে ডান পায়ে আঘাত পান। বোমার আঘাতে স্থায়ীভাবে তাঁর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
ডেভিড ওয়াল বলেন, আজ এক বছর পরও তিনি অধিকাংশ সময় তন্দ্রাচ্ছন্ন এবং ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করেন। সবচেয়ে বড় অসুবিধা হল সাবওয়েতে চড়তে গেলে প্রায়ই এখনো তাঁর মতিভ্রম ঘটে। একটির পর একটি ট্রেন চলে যায়, কিন্তু তিনি বিভ্রমের প্রভাবে ট্রেনে চড়তে পারেন না।