আত্মহত্যা কি মানবসন্তানের জন্য একটি স্বাভাবিক বৈশিষ্ট্য? এই প্রশ্ন দীর্ঘকাল ধরে ঘুরপাক খেলেও এর কোনো একক উত্তর এখনো পাওয়া যায়নি। কেউ আত্মহত্যা করেছেন শুনলে প্রথমেই ধারণা করা হয়, তিনি হয়তো যেকোনো কারণে বিষণ্ন বা অবসাদগ্রস্ত ছিলেন। কিন্তু সব সময় এটাই সত্য হবে, তা নিশ্চিত করে বলা কঠিন।
নিউইয়র্কের বিচারক শিলা আবদুস সালীমের মৃতদেহ হাডসন নদী থেকে উদ্ধারের পর এমন অনেক প্রশ্নই সামনে এসেছে। প্রথম প্রশ্ন, তাঁকে হত্যা করা হয়েছে, না তিনি আত্মহত্যা করেছেন। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় নিউইয়র্কের পুলিশের ধারণা, ঘটনাটি আত্মহত্যা। এ ছাড়া বিচারক সালিমের ঘনিষ্ঠজনেরা তাঁর কোনো শত্রুর কথা মনে করতে পারেননি। ফলে পুলিশের ধারণাটি আরও পুষ্ট হয়।
পুলিশ জানাচ্ছে, নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক সালিমের মা ২০১২ সালে ৯২ বছর বয়সে ইস্টারের দিনে আত্মহত্যা করেন। এর ঠিক দুবছর পর একই দিনে তাঁর ভাই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আত্মঘাতী হন। আর সালিমের মৃতদেহ পাওয়া যায় ইস্টারের তিন দিন আগে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, আত্মহত্যার প্রবণতা কি বংশানুক্রমিক এবং তা জিনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পরিবাহিত হয়? জার্মান ও মার্কিন বিজ্ঞানীরা ইতিমধ্যে এর প্রমাণ পেয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে আত্মহত্যাপ্রবণ পরিবারের সদস্যদের জেনেটিক কোডে কিছুটা পার্থক্য লক্ষ করেছেন তাঁরা। ইউনিভার্সিটি অব পিটসবুর্গ মেডিকেল সেন্টারের গবেষকেরা দেখেছেন, আত্মহত্যাকারী ব্যক্তির পরিবারের সদস্যদের (মা-বাবা, ভাইবোন, সন্তান) আত্মহত্যা করার প্রবণতা অন্যদের তুলনায় ছয় গুণ বেশি। এ ক্ষেত্রে বিশিষ্ট লেখক আর্নেস্ট হেমিংওয়ের কথা বলা যায়। এই লেখক আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যার তালিকায় আরও ছিলেন তাঁর বাবা, ভাই, বোন ও নাতনি। তাহলে বিচারক সালিম কি এমন এক তালিকায় আরও একটি নাম?
প্রয়াত এই বিচারক তাঁর ব্যক্তিগত চিকিৎসককে বলেছিলেন, কাজের কারণে তিনি যথেষ্ট চাপের মধ্যে আছেন। পরিবারকে যথেষ্ট সময় দিতে পারছেন না। ৬৫ বছরের এই প্রাজ্ঞ বিচারক তাঁর গভীর বিবেচনাবোধের কারণে বহুবার প্রশংসিত হয়েছেন। তাহলে কেন এই সময়ে এসে তিনি চাপ বোধ করছিলেন, তা বিবেচনার দাবি রাখে। আমেরিকার মতো পুঁজিবাদী সমাজব্যবস্থায় এবং ইঁদুরদৌড়ের প্রতিযোগিতায় শ্রমজীবী মানুষকে নিংড়ে নেওয়াটাই দস্তুর। এই ব্যবস্থা ও প্রতিযোগিতায় হারলে যেকোনো মানুষ তার স্বাভাবিক মানসিক গঠন হারিয়ে হতাশার সাগরে নিমজ্জিত হতে পারে। আমেরিকার গবেষকেরাই বলছেন, ৯০ শতাংশ আত্মহত্যার ঘটনা ঘটে অবসাদ বা মানসিক বৈকল্যের কারণে।
তাহলে এটা কি বলা যায় না, এই অবসাদ বা বৈকল্য যাতে না আসে, সে জন্য পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের কিছুটা হলেও দায়িত্ব আছে। তারা কি সেই দায়িত্ব পালন করছে? না করলে এই অপমৃত্যুর মিছিলে মানুষের মুখের সংখ্যাই শুধু বাড়তে থাকবে।