আত্মহননের পুনরাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিফাত শরীফ,আয়েশা আক্তার
রিফাত শরীফ,আয়েশা আক্তার

প্রিয় রিফাত,
বোকা ছেলে, এ রকম করে নাকি কেউ? অনুসরণ করার মতো শুধু বিশ্বজিৎকেই তোর মনে ধরল। আর কেউ ছিল না বুঝি?
রিফাত আত্মাহুতি দিল ঠিক সেভাবেই, যেরকম করে বিশ্বজিৎ দিয়েছিল। ছাত্রলীগের সোনার ছেলেরা কত সহযোগিতা করেছিল বিশ্বজিৎকে। নিজেরা হাতে রামদা, চাপাতি নিয়ে কোপানোর কাজে নিজেদের শরীরের ঘাম ঝরিয়ে সাহায্য করেছিল বিশ্বজিৎকে। প্রকাশ্য দিবালোকে গোটা দেশবাসীকে সাক্ষী রেখে তারা পরিত্রাণ দিয়েছিল বিশ্বজিৎকে। তারপর কত ইতিহাস হয়ে গেল, অনেক ঘানি টানতে হলো ছাত্রলীগের ছেলেদের। কোন এক বেরসিক নাগরিকের কারণে মামলা হয়ে গেল তাদের নামে। কোর্ট, কাচারি, গুণবিচারি—আরও কত কী! যা হোক, ওই-মামলায় ছাত্রলীগের গুণধর ছেলেরা আদালতে গিয়ে নিজেদের কীর্তির সঠিক মূল্যায়ন পেয়ে বেকসুর পদবি লাভ করেছে। মহীয়ান হয়ে দেশের মাটিতে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।
রিফাতকে সাহায্য করতে কিন্তু এবার ছাত্রলীগ সরাসরি আসেনি। কী দরকার অন্যের উপকার করতে গিয়ে কোর্ট–কাচারিতে ব্যস্ত থাকা। কিছুটা বিশ্রাম তো সবাইকেই নিতে হয়, তাই না? তবে, রিফাতকে যারা সাহায্য করতে এগিয়ে এসেছে, তারাও কিন্তু কম গুণধর না। একেকজন তো নামকরা গ্যাংস্টার। আর সেই গ্যাংয়ের লিডার নয়ন বন্ডের ডানহাত, বাম হাত দুই সহোদর তো আবার জেলা পরিষদের চেয়ারম্যানের নিকটাত্মীয়। জেলা পরিষদের চেয়ারম্যান শুধু চেয়ারম্যানই নন, সাবেক সাংসদ, প্রভাবশালী রাজনীতিবিদ। সেই প্রভাবশালী রাজনীতিবিদের ভায়রা ভাইয়ের ছেলেরা তো অমন পরোপকারী হবেই। রিফাতরা তো এ রকম পরোপকারী গুণধর ছেলেদের কাছ থেকে বরাবরই সহযোগিতা পেয়ে এসেছে।
অভাগা রিফাত একটি সুযোগ আর কোনো দিনই পাবে না। তার নিজের শরীর কুপিয়ে রক্তাক্ত করতে সহায়তাকারী নয়ন বন্ডদের কাছে সহৃদয় কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আর কখনোই আসবে না রিফাতের জন্য। তবে, আমি নিজে সুযোগ পেলে ওই সব গুণধর গ্যাংস্টারকে স্যালুট দিতে চাই। বিশ্বজিৎ, রিফাতসহ অগণিত মানুষ যাদের হাতে উপকৃত হয়েছেন বা হবেন সবার তরফ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। বলা তো যায় না, কখন আবার আমার নিজেরও সাহায্যের প্রয়োজন পড়ে যেতে পারে এবং দ্বারস্থ হতে হবে কোন এক গুণধর গ্যাংয়ের। তখন তো আর আজরাইল আমাকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য অতিরিক্ত সময়টুকু দেবে না।
রিফাতটা আসলেই খুব অভাগা ছিল। বাবা-মায়ের একমাত্র সন্তান হয়েও কেন যে নিজেকে এতটা অভাগা প্রমাণ করে গেল, তা হয়তো আমরা কোনো দিনই বুঝতে পারব না। অল্প বয়সেই সুন্দরী মিন্নিকে বিয়ে করে ভাসতে চেয়েছিল সুখের সমুদ্রে। এত স্বপ্ন, এত আশা, এত ভালোবাসা—সবকিছু বিলিয়ে দিয়েও রিফাত তার মৃত্যুর আগ পর্যন্ত জানতে পারেনি, মিন্নি তাকে আসলেই ভালোবাসে কি না! হামলা স্থল থেকে রিফাতের মিন্নির দিক থেকে মুখ ফিরিয়ে অভিমানী চলে যাওয়ার মাঝে কেমন যেন একটা না-পাওয়ার হতাশা ভেসে উঠেছে। মিন্নি রিফাতকে ভালোবাসত কি না আমরা কেউই তা নিশ্চিত করে বলতে পারব না। তবে রিফাত যে মিন্নিকে অসম্ভব ভালোবাসত, তার কিছুটা স্মৃতি চিহ্ন সে আমাদের সবার হৃদয়ে এঁকে দিয়ে গেছে। বখাটেদের উৎপাত থেকে আগলে মিন্নিকে কলেজ থেকে আনতে যাওয়া এবং সশস্ত্র হামলার পরে মিন্নিকে রেখে রিফাতের অভিমানী চলে যাওয়া, মিন্নির প্রতি রিফাতের নির্মোহ ও দায়িত্বশীল ভালোবাসাকেই দীপ্তিময় করে তুলেছে। মিন্নিও এখন জেল হাজতে, পুলিশ তাকে রিমান্ডে নিয়েছে, আদালতে মিন্নি তার স্বামীকে হত্যা পরিকল্পনায় জড়িত বলে স্বীকারোক্তিও দিয়েছে! আর আমরা? সবাই মিলে সত্য-মিথ্যার গোলক ধাঁধায় শুধু ঘুরপাক খাচ্ছি।
আমাদের এই ঘুরপাক খাওয়া আর এসব পরোপকারী গ্যাং বা গ্রুপিং আমাদের সংস্কৃতিতে নতুন কিছু না। আওয়ামী আমলে আওয়ামী লীগ কিংবা বিএনপি–জামায়াত আমলে বিএনপি-জামায়াতও যে নিরাপদ, তাও কিন্তু নিশ্চিত করে বলা যায় না। যখনই এসব গ্যাং বা গ্রুপিং কর্মকাণ্ড দেখি, তখনই খুব পরিচিত একটা চেহারা আমার চোখে ভেসে উঠে। লিটন ভাই, আমাদের ইউনিভার্সিটির ছাত্ররাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। তখন বিএনপি-জামায়াত ক্ষমতায়। লিটন ভাই ছাত্রদল করতেন। যতটুকু মনে পড়ে লিটন ভাই ছাত্রদলে সহসভাপতি ছিলেন। সদা হাস্যোজ্জ্বল লিটন ভাই প্রেম করতেন। ক্যাম্পাসে প্রায়ই দেখা যেত, এই লিটন ভাই প্রেমিকার সঙ্গে হাঁটছেন, গল্প করছেন; এই আবার ছাত্রদলের মিছিলে সবার সামনে থেকে স্লোগান দিচ্ছেন। শেষ বর্ষে অধ্যয়নরত অবস্থায় বিসিএস প্রস্তুতি নিয়ে খুব সচেতন ছিলেন তিনি। নিজে সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করতেন এবং প্রায়ই জুনিয়রদের সঙ্গে নিজের জ্ঞান পুঁজি শেয়ারও করতেন।
ক্যাম্পাসে ছাত্রদলের ভেতরে আবার অনেকগুলো গ্রুপ ছিল। লিটন ভাইয়েরও একটা গ্রুপ ছিল। শেষ বর্ষে ফাইনাল পরীক্ষার আগে আগে লিটন ভাই ঘোষণা দিলেন, তিনি রাজনীতি থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়ে ক্যারিয়ার আর উচ্চশিক্ষায় বেশি মনোনিবেশ করবেন। আমাদের সংস্কৃতির অনিবার্য বিষয় হিসেবে সংকীর্ণ হতে থাকল লিটন-গ্রুপের আকার। বিরোধী গ্রুপের সবাই ভাবল, এটাই হলো লিটনকে শিক্ষা দেওয়ার মোক্ষম সময়। ফাইনাল পরীক্ষার শেষ দিনে পরীক্ষার হল থেকে বেরিয়ে লিটন ভাই আবিষ্কার করলেন, বিরোধী গ্রুপের পরোপকারী গ্যাংস্টাররা তাকে মুক্তি দেওয়ার জন্য অস্ত্র-শস্ত্র হাতে অপেক্ষা করছে। চলে গেলেন লিটন ভাই আমাদের এই নোংরা সংস্কৃতির পরিমণ্ডল ছেড়ে না ফেরার দেশে।
লিটন, বিশ্বজিৎ, রিফাত এবং আরও অনেকেই এখন আমাদের ছেড়ে চলে গেছে। ওদের জন্য কিঞ্চিৎ খারাপ লাগে বটে। তবুও, ওরা তো সবাই মুক্তি পেয়েছে আমাদের সমাজ-সংস্কৃতি থেকে। অভিশপ্ত, কলঙ্কিত, স্বার্থপর সমাজের হৃদয়হীন অমানবিক আচরণ থেকে। কলুষিত বিচার ব্যবস্থা আর নিপীড়নের ঝাপটা থেকে ওরা সবাই এখন অনেক ঊর্ধ্বে উঠে গেছে। ভণ্ড, নির্লজ্জ রাজনীতিবিদদের নির্লিপ্ত চাহনি থেকে এখন ওরা সবাই মুক্ত। ওপারের গদিতে বসে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করার মতো কেউ নেই ওদের আশপাশে। পুলিশের মহড়া, অ্যাম্বুলেন্সের সাইরেন, সাংবাদিকের ক্যামেরা কিংবা পথচারীদের ভয়ার্ত দৃষ্টি কোনো কিছুরই উৎপাত নেই সেখানে। বিশ্বজিৎ, রিফাত, নুসরাত, তনু, ত্বকী, লিটন, ইয়াসমিন, সনি, রাজন, আবরার এবং অন্য সবাই—ওরা এখন বেশ ভালো আছে। মৃত্যুভয় ওদের কাছে এখন নস্যি। ওরা কেউ এখন আর প্রতিদিন মরে না, অপমান সহ্য করতে হয় না, কদর্য আচরণ আর কাউকেই সইতে হয় না, অভাবের তাড়নায় মাথা নিচু করতে হয় না, সামাজিক দৈন্যতায় তামাশা দেখতে হয় না, মানবিক কার্পণ্যে কষ্ট পেতে হয় না, ভুল নায়কের হাতছানিতে হোঁচট খেতে হয় না, দুর্নীতির সমুদ্রে গা ভাসাতে হয় না, রাজনৈতিক দাপটের কাছে নত হতে হয় না।
রিফাত গং, তোরা যারা ওপারে আছিস ভাই, সম্ভব হলে আমাদের জন্য কিছুটা দিকনির্দেশনা পাঠাইস। তবে ভুল করেও কেউ এই নোংরা পৃথিবীর অভিশপ্ত সমাজে, কখনো আর ফিরে আসার কথা ভাবিস না। বেড়াতেও আসবি না প্লিজ।