আদমশুমারি নিয়ে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির অনুষ্ঠান
যুক্তরাষ্ট্র চলমান আদমশুমারি নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস)। গত ২৭ সেপ্টেম্বর সেন্সাস সম্পর্কিত সচেতনতা গড়ে তুলতে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
গত ৩০ সেপ্টেম্বর ছিল সেন্সাস কার্যক্রমে অংশ নেওয়ার শেষ দিন। কিন্তু এর সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। ফলে সেন্সাসে নাম অন্তর্ভুক্তি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। সেন্সাস কার্যক্রমে অংশগ্রহণকারী বা নাম অন্তর্ভুক্তির সব তথ্য গোপন থাকবে।
যুক্তরাষ্ট্রের সেন্সাস-২০২০ কার্যক্রম আর ফ্লু শট ভ্যাকসিন প্রদান কর্মসূচি উপলক্ষে হিলসাইড অ্যাভিনিউয়ের মেজর মার্ক পার্কের কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। ওই দিন বেলা ২টা থকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে প্রবাসীরা সেন্সাসে নাম নিবন্ধনের পাশাপাশি ফ্লু ভ্যাকসিন নেন।
উল্লিখিত কর্মসূচিতে বাংলাদেশি সেন্সাস কর্মকর্তা জাকিয়া আহমেদের নেতৃত্বে সেন্সাস টিম প্রবাসীদের নাম অন্তর্ভুক্তিতে সহায়তা করেন। এ সময় তাঁরা সেন্সাস বিষয়ক নানা তথ্যও সংশ্লিষ্টদের অবহিত করেন। একই সঙ্গে অ্যাস্টোরিয়ার নাইল সিটি ফার্মেসির অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় প্রবাসীদের ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টদের মধ্যে ব্যথা নিরাময়ের বিভিন্ন সামগ্রী ও নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়। সবশেষে এই কর্মসূচিতে উপস্থিত প্রবাসীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জেবিএফসির কর্মকর্তারা সেন্সাসে নাম অন্তর্ভুক্তির গুরুত্ব এবং চলতি সময়ে ফ্লু ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিটির কাছে তুলে ধরেন। তাঁরা বলেন, নিজেদের অধিকার রক্ষায় সেন্সাসে অংশ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে আগত অতিথিরা ফ্রেন্ডস সোসাইটির কর্মকাণ্ডের প্রশংসা করেন। এই কর্মসূচি চলাকালে প্রবাসীদের উৎসাহিত করতে ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গণি, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন নিজেও ফ্লু শট গ্রহণ করেন। কর্মসূচিটি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ফিডেলিস কেয়ার। স্পনসর ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ভাইস চেয়ার মোহাম্মদ এন মজুমদার, এলাইড মর্টগেজের মোহাম্মদ জান ফাহিম ও তরুণ রিয়েল এস্টেট ব্যবসায়ী কবীর মুনশি।
অনুষ্ঠানে জেবিএফএসের প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গণি, উপদেষ্টা ওয়াজেদ এ খান, ছদরুন নূর, শাহ নেওয়াজ ও রেজাউল করীম চৌধুরী, উপদেষ্টা ও জেএমসির সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা এ বি এম সালাহউদ্দিন আহমেদ, বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম, জেএফসির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল দেলোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মান্নাফ তালুকদার, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।