আদমশুমারি শেষ হচ্ছে ৫ অক্টোবর
যুক্তরাষ্ট্রে সেনসাস ব্যুরোর ২০২০ সালের আদমশুমারি কার্যক্রম ৫ অক্টোবর শেষ হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস এক ঘোষণার এ কথা জানান। নতুন এ ঘোষণা নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্র।
প্রাথমিক ঘোষণা অনুযায়ী এবারের আদমশুমারির তথ্য গ্রহণ পর্যায়টি ৩১ অক্টোবর পর্যন্ত চলার কথা। কিন্তু আগস্ট মাসে হঠাৎ করেই উইলবার রস এক ঘোষণার মাধ্যমে এর সীমা ৩০ সেপ্টেম্বর ঠিক করে দেন। পরে গত ২৮ সেপ্টেম্বর নতুন করে আদমশুমারি ৫ অক্টোবর শেষ হবে বলে ঘোষণা দেন। কিন্তু এত অল্প সময়র মধ্যে যাবতীয় গণনা কী করে শেষ করা হবে সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোও ৫ অক্টোবর তথ্য গ্রহণ শেষ হচ্ছে বলে জানায়।
গত সপ্তাহে বিচারক লুসি কোহ ৩১ অক্টোবর আদমশুমারির তথ্য গ্রহণের শেষ সীমা রাখার বিষয়ে নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতেই উইলবার রস নতুন এ ঘোষণা দেন। লুসি কোহের এই নির্দেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন উচ্চ আদালতেও যাচ্ছে।
এদিকে বিচারক লুসি কোহের আদেশ সেনসাস ব্যুরো মানছে না বলে অভিযোগ রয়েছে। ন্যাশনাল আরবান লিগসহ কিছু সংগঠনের করা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তও শুরু হয়েছে। নাগরিক এই সংগঠনগুলোর অভিযোগ, প্রশাসন আদালতের নির্দেশ না মেনে উইলবার রসের নির্দেশনা মানছে। অথচ সেনসাস ব্যুরোর মাঠ পর্যায়ের কর্মীদের ৩১ অক্টোবরকে শেষ দিন বিবেচনা করেই নির্দেশনা দেওয়া আছে। যারা অনলাইনে তথ্য দিয়ে আদমশুমারিতে অংশ নেননি, তাদের তথ্য সংগ্রহের জন্য আদমশুমারি কর্মীদের ঘরে ঘরে যেতে হচ্ছে। এ অবস্থায় হঠাৎ করে ৩১ অক্টোবর থেকে সময়সীমা ৫ অক্টোবরে নামিয়ে আনার কারণে বড় জটিলতার সৃষ্টি হবে।