আদমশুমারিতে নিয়োগ বিষয়ে বাংলাদেশিদের জন্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালায় আদমশুমারি কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশিদের আহ্বান জানানো হয়
কর্মশালায় আদমশুমারি কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশিদের আহ্বান জানানো হয়

আমেরিকায় আদমশুমারি শুরু হচ্ছে। চলতি বছর আদমশুমারি সামনে রেখে লোক নিয়োগ করছে সেনসাস ব্যুরো। দেশব্যাপী প্রায় ৫ লাখ লোককে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কাজ চলছে। আগামী ১ এপ্রিল থেকে পুরো আমেরিকায় একযোগে চলবে এ আদমশুমারি। এতে ৬-৮ সপ্তাহ কাজের সুযোগ রয়েছে। এতে বাংলাদেশিদের কাজের সুযোগ করে দিতে সম্প্রতি নর্থ ব্রঙ্কসে এক কর্মশালার আয়োজন করা হয়।
সেনসাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস কার্যালয়ে গত ৩১ জানুয়ারি অনলাইনে লোক নিয়োগে সহায়তা দেওয়া হয়। কর্মশালায় জানানো হয়, সেনসাস টেকার পদে নিয়োগপ্রাপ্তরা ঘণ্টায় ২৮ ডলার করে সপ্তাহে পার্টটাইম-ফুলটাইমসহ সর্বোচ্চ ৪০ ঘণ্টা কাজের সুযোগ পাবেন। থাকছে স্ব-বেতনে প্রশিক্ষণেরও ব্যবস্থা। আমেরিকার সিটিজেন ও ননসিটিজেন নির্বিশেষে ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীরা এ চাকরির সুযোগ পাবেন।
নিউইয়র্ক রিজওনাল সেনসাস সেন্টারের সুপাভাইজরি পার্টনারশিপ স্পেশালিস্ট মারিয়া ই মেটোস বাংলাদেশিদের এ নিয়োগ প্রক্রিয়ার অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নিউইয়র্ক সিটিতে বাংলাসহ ১২টি ভাষা-ভাষীদের এ চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ নিয়োগ চলবে। এতে নিয়োগপ্রাপ্তরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি কমিউনিটির প্রতিটি ব্যক্তিও গণনার আওতায় আসবে। ফলে তারা রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা ভোগের সুযোগ পাবেন।’
লংজিভিটি হেলথ সার্ভিস এলএলসির সমন্বয়ক ও হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেসের কর্ণধার রোকন হাকিমের সভাপতিত্বে এ আয়োজনে ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট মান্না মুনতাসির, হাসান আলী ও কারি খালেদ মিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিউনিটি ডিস্ট্রিক্ট ৭-এর বোর্ড মেম্বার মনজুর চৌধুরী জগলুলসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
কর্মশালায় রোকন হাকিম জানান, তাঁর এ অফিস থেকে ট্যাক্স, হোমকেয়ার, ইমিগ্রেশন সার্ভিস, অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাপ্লিকেশন, ফুড স্ট্যাম্প/ইবিটি অ্যাপ্লিকেশন, হেলথ ইনস্যুরেন্স অ্যাপ্লিকেশন, হজ প্যাকেজসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। একইভাবে সেনসাস ব্যুরোর চাকরিতে বাংলাদেশিদের নিয়োগেও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।