নিউইয়র্কের আদালত থেকে ইমিগ্রেশন বিভাগ কোনো অভিবাসীকে গ্রেপ্তার করতে পারবে না। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো ১৬ ডিসেম্বর এ নিয়ে অঙ্গরাজ্যে নতুন আইনে স্বাক্ষর করেছেন।
গত জুলাই মাসে নিউইয়র্ক রাজ্যের আইন সভায় এ নিয়ে খসড়া আইনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এ আইনের ফলে যেকোনো অভিবাসীকে গ্রেপ্তারের আগে ইমিগ্রেশন বিভাগকে অবশ্যই আদালতের কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানা পেতে হবে। শুধু প্রশাসনিক পরোয়ানা দিয়ে নিউইয়র্কে কোনো অভিবাসীকে অভিবাসন আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা যাবে না।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর আদালত ভবন থেকে অভিবাসীদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হচ্ছিল। অভিবাসন আইন লঙ্ঘনের কারণে কোনো ধরনের বিচারকের আদেশ ছাড়াই আদালতে হাজিরা দিতে যাওয়া অনেক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর মধ্যে কমিউনিটির পরিচিত বেশ কিছু বাংলাদেশিকেও পুরোনো কোনো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ এনে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করেই এসব অভিবাসীকে আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুরোনো কোনো বিতাড়নের আদেশ থাকলে বা কোনো অপরাধের রেকর্ড পাওয়া গেলে এমন অভিবাসীদের দেশের পথে পাঠিয়ে দেওয়া হয়।
রাজ্যের পাস হওয়া নতুন আইনের ফলে নিউইয়র্কে নথিপত্রহীনদের এখন আর আদালত ভবন থেকে ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করতে পারবে না। ফলে নিজেদের মামলা নিয়ে আদালতে উপস্থিত হতেও লোকজন আর ভয় পাবে না বলে মনে করা হচ্ছে।