ডোনাল্ড ট্রাম্পের অভাবিত নির্বাচনী বিজয়ের পেছনে প্রধান দুটি কারণ ছিল অবৈধ অভিবাসন ও মুসলিম আগমন নিয়ন্ত্রণে তাঁর কঠোর অবস্থান। প্রশাসনের প্রথম ১০০ দিনের মধ্যেই উভয় লক্ষ্য পূরণে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সে দুই প্রতিশ্রুতি নিয়েই তিনি এখন হাবুডুবু খাচ্ছেন।
ট্রাম্প বলেছিলেন, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলো থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে তিনি মেক্সিকো সীমান্ত বরাবর দুই হাজার মাইল দীর্ঘ এক দেয়াল নির্মাণ করবেন, যার ব্যয়ভার বহন করতে হবে মেক্সিকো সরকারকে। মেক্সিকো সে অর্থ দিতে অস্বীকার করায় ট্রাম্পকে হাত বাড়াতে হয়েছে কংগ্রেসের দিকে। কিন্তু কংগ্রেসে উভয় দলেরই অধিকাংশ সদস্য সে অর্থ বরাদ্দে অনাগ্রহী। শুক্রবারের মধ্যে স্বল্পমেয়াদি বাজেট বরাদ্দ গৃহীত না হলে যুক্তরাষ্ট্রের সরকার অচল হয়ে পড়বে। এ রকম পরিস্থিতি দেশটিতে আগেও অবশ্য হয়েছে। বাজেট বরাদ্দে দেয়ালের অর্থের জোগান নিশ্চিত না হলে প্রস্তাবিত কোনো আইনে স্বাক্ষর করবেন না—ট্রাম্প এ হুমকি দিলেও পরে কংগ্রেসের অনীহার মুখে সুর বদলেছেন। তিনি এখন বলছেন, আপাতত সে অর্থ বরাদ্দ না করলেও চলবে, সেপ্টেম্বরে পরবর্তী দফা বাজেট প্রস্তাবে বরাদ্দ হলে তাঁর আপত্তি থাকবে না। ট্রাম্পের এই নমনীয়তায় সরকার অচল হওয়ার আশঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে একদল কৃষিপণ্য উৎপাদনকারীর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, সীমান্তে দেয়াল হবেই। কবে হবে, এ প্রশ্ন করা হলে ট্রাম্প সাংবাদিকদের জানান, খুব শিগগিরই। ‘আমাদের হাতে এখনো অনেক সময় রয়েছে।’
অবৈধ অভিবাসী ও মুসলমানদের আগমন ঠেকাতে ট্রাম্পের অন্য উদ্যোগও নানা আইনি জটিলতায় আটকে গেছে। শপথ গ্রহণের পরপরই তিনি তড়িঘড়ি করে এক নির্বাহী আদেশে সিরিয়ার উদ্বাস্তু এবং আরও ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। একাধিক ফেডারেল আদালতের আপত্তির কারণে সে নির্দেশের বাস্তবায়ন এখন পর্যন্ত আটকে আছে। পরে অবৈধ অভিবাসী বহিষ্কারের যে নতুন নীতিমালা ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, তাতেও নতুন জটিলতা দেখা দিয়েছে।
জানুয়ারি মাসে এক নির্বাহী আদেশে ট্রাম্প জানিয়েছিলেন, তথাকথিত ‘নিরাপদ শহর’গুলো অবৈধ অভিবাসীদের ফেডারেল কর্তৃপক্ষের হাতে তুলে দিতে অস্বীকার করলে ওইসব শহরের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ প্রত্যাহার করা হবে। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত ক্যালিফোর্নিয়ার দুটি শহরের আবেদনের ভিত্তিতে ট্রাম্প প্রশাসনের এই নির্দেশ বাস্তবায়নে আপত্তি জানিয়েছেন। আদালত বলেছেন, যেসব শহর কেন্দ্রীয় সরকারের নীতিমালা বাস্তবায়নে অস্বীকার করে, তাদের অর্থ বরাদ্দ বাতিল করা যেতে পারে, কিন্তু সে নীতিমালায় সংবিধানবিরোধী কিছু থাকতে পারে না। সংবিধান অনুযায়ী অর্থ বরাদ্দের সব ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়।
ট্রাম্প প্রশাসন যুক্তি দেখিয়েছে, অবৈধ অভিবাসীদের মধ্যে অনেক মারাত্মক অপরাধী রয়েছে, তাদের আশ্রয় দেওয়ার ফলে বিভিন্ন শহরের বৈধ নাগরিকেরা বিপদে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রে ২০০টির মতো ‘নিরাপদ শহর’ রয়েছে, যেখানে অবৈধ অভিবাসীরা নিরাপদে বসবাসের সুযোগ পায়। এসব শহরের স্থানীয় প্রশাসন অভিবাসীদের জেলে পাঠানো বা বহিষ্কারের ব্যাপারে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম সহযোগিতা করবে না বলে জানিয়েছে। শিকাগো, সান ফ্রান্সিসকো বা নিউইয়র্কের মতো বড় শহর, যেখানে বিপুলসংখ্যক অবৈধ অভিবাসীর বাস, নিজেদের অভিবাসীদের জন্য ‘নিরাপদ’ বলে ঘোষণা করেছে।
জানা গেছে, দুই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে ট্রাম্প প্রশাসন, তবে আগামী শনিবার তাঁর ১০০তম দিন অতিক্রমের আগে এই সিদ্ধান্ত রদ হবে, তার কোনো সম্ভাবনা নেই।