আদালতে ট্রাম্পের 'মুসলিম নিষেধাজ্ঞা' আবার স্থগিত

ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞা আদেশ আবার ধাক্কা খেল। ছয় মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প এক সপ্তাহ আগে নতুন দফা যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত বুধবার তার বাস্তবায়ন স্থগিত করেছেন। হাওয়াই অঙ্গরাজ্যের সরকার ও একজন স্থানীয় মুসলিম অধিবাসীর আবেদনে জারিকৃত এই রায় যুক্তরাষ্ট্রের সর্বত্রই প্রযোজ্য হবে।
ফেডারেল আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট তাঁর নির্বাহী আদেশে ইচ্ছাকৃতভাবে শুধু মুসলিমদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। সেহেতু আদেশটি মার্কিন সংবিধানে ধর্ম প্রশ্নে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যে ধারা আছে তার লঙ্ঘন। বুধবার মধ্যরাতের পরই ট্রাম্পের নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার কথা ছিল।
এর ফলে দ্বিতীয়বারের মতো ফেডারেল আদালতের হস্তক্ষেপে ট্রাম্পের বিতর্কিত ‘মুসলিম নিষিদ্ধাদেশের’ বাস্তবায়ন স্থগিত করা হলো। শপথ গ্রহণের পরপরই, গত ২৭ জানুয়ারি ট্রাম্প জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে তড়িঘড়ি করে মোট সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও সিরিয়া থেকে সব রকম উদ্বাস্তুদের আগমনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এর ফলে সারা দেশের বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় ও দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। একাধিক অঙ্গরাজ্য ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেন। প্রথমে সিয়াটলের একটি আদালত ও পরে সান ফ্রান্সিসকোর একটি আপিল আদালত ধর্মীয় বৈষম্যের কারণ দেখিয়ে নিষেধাজ্ঞার বাস্তবায়ন আটকে দেন।
দ্বিতীয়বার আদালতে প্রত্যাখ্যাত হওয়ায় ভীষণ ক্ষিপ্ত ট্রাম্প। রায় ঘোষণার অব্যবহিত পরে ন্যাশভিলে এক সভায় দেওয়া ভাষণে আদালতের রায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘এই রায়ের ফলে সবাই আমাদের দুর্বল ভাববে।...এই আদেশটি ছিল প্রথম আদেশের একটি মৃদু ভাষ্য। আমার তো মনে হয়, প্রথম আদেশটিতেই আমাদের ফিরে যাওয়া উচিত।’
হোয়াইট হাউস জানিয়েছে, তারা আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে, এ জন্য তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে প্রস্তুত।
হাওয়াইয়ের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন (যাঁকে প্রেসিডেন্ট ওবামা মনোনয়ন দিয়েছিলেন) তাঁর ৪৩ পৃষ্ঠার দীর্ঘ রায়ে বলেন, ট্রাম্প সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার কোনো যৌক্তিক ভিত্তি ছিল না। আদালত আরও বলেন, কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর প্রতি বিরুদ্ধতা প্রমাণের জন্য সেই গোষ্ঠীর সবাইকে লক্ষ্যবস্তু করার চেষ্টা সম্পূর্ণ ভুল। ট্রাম্প প্রশাসন যুক্তি দেখিয়েছিল, যে ছয়টি দেশ—লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরান ও সোমালিয়া থেকে নাগরিকদের আগমন নিষিদ্ধ করা হলো, তাঁদের মধ্যে সন্ত্রাসী থাকতে পারে। প্রথম আদেশে ইরাককেও এই তালিকায় রাখা হয়েছিল, পরে ইরাকি সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বাদ দেওয়া হয়।
বিচারক ওয়াটসন তাঁর রায়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের প্রতি তাঁর বিদ্বেষ বিভিন্ন সময়ে কোনো রাখঢাক ছাড়াই প্রকাশ করেছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি সব মুসলিমের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছিলেন। তাঁর একাধিক উপদেষ্টাও মুসলিম আগমনে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দেখিয়েছেন। বিচারক বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময়ে যে কথা বলেছেন তা থেকে যে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক স্বীকার করবেন তাঁর নির্বাহী আদেশের একটাই উদ্দেশ্য, আর তা হলো একটি বিশেষ ধর্মের প্রতি বৈষম্য।
এদিকে ইতিপূর্বে স্থগিতাদেশের পক্ষে অবস্থান নেওয়া সান ফ্রান্সিসকোর আপিল আদালতের পাঁচজন বিচারক একই দিন একটি ভিন্নমত প্রকাশ করেছেন। রক্ষণশীল হিসেবে পরিচিত ওই বিচারকেরা যৌথ ঘোষণায় বলেন, তিনজন বিচারক যে স্থগিতাদেশ সমর্থন করে আগে রায় দিয়েছিলেন, তা ছিল ভুল। জাতীয় নিরাপত্তা প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার অন্তর্গত।