আদালতের কঠিন প্রশ্ন, রায় এ সপ্তাহের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষ-বিপক্ষ উভয়ের প্রতি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সান ফ্রান্সিসকোর ফেডারেল আপিল আদালত। গত মঙ্গলবার তিন বিচারকের প্যানেল প্রেসিডেন্টের ক্ষমতার সীমা এবং সাতটি মুসলিমপ্রধান দেশের সঙ্গে সন্ত্রাসের যোগসূত্রের প্রমাণ নিয়ে প্রশ্ন তোলেন। তবে একই সঙ্গে আদালত জানতে চান, ট্রাম্পের নিষেধাজ্ঞাকে মুসলিমবিরোধী আখ্যা দেওয়া যাবে কি না।
আদালতে মঙ্গলবারের ওই ঘটনার পর গতকাল বুধবার ওয়াশিংটনে পুলিশ কর্মকর্তাদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আদালত রাজনৈতিকভাবে খুব প্রভাবিত’। তবে এর আগে তিনি বলেন, ‘আমি কখনোই আদালতকে পক্ষপাতমূলক বলতে চাই না। কাজেই আমি বলছি না তারা পক্ষপাতমূলক।’
নির্বাহী আদেশের মাধ্যমে সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে আপিল আদালতে সওয়াল-জবাব মঙ্গলবার শেষ হয়েছে। আদালত আশ্বাস দিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই রায় ঘোষণা করা হবে। তবে বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক—এই যুক্তি দিয়ে একাধিক অঙ্গরাজ্যের আদালতে তা বাতিলের জন্য মামলা করা হয়। ওয়াশিংটন ও মিনেসোটা অঙ্গরাজ্যের আবেদনক্রমে ওয়াশিংটনের সিয়াটলের একটি ফেডারেল আদালত ট্রাম্পের নির্দেশ স্থগিত রাখার নির্দেশ দেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আবার সে আদেশ বাতিলের অনুরোধ জানালে সান ফ্রান্সিসকোর আপিল আদালত দুই পক্ষের বক্তব্য শুনতে সম্মত হন।
আপিল আদালতে মৌখিক বক্তব্যে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, যে সাতটি দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা, এর আগেই মার্কিন কংগ্রেস ও ওবামা প্রশাসন সেখানে সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে—এ মর্মে সিদ্ধান্ত নিয়েছিল। সরকারি কৌঁসুলি যুক্তি দেখান, জাতীয় নিরাপত্তা প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ বরাবরই নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত।
আপিল আদালতের বিচারকদের দুজন (একজন প্রেসিডেন্ট বারাক ওবামা ও অন্যজন প্রেসিডেন্ট জিমি কার্টারের নিয়োগ) দৃশ্যত সরকারি কৌঁসুলির যুক্তিতে সন্তুষ্ট হননি। তাঁরা প্রশ্ন রাখেন, এমন কী ঘটনা ঘটেছে, যা থেকে বলা যায় ওই সব দেশের নাগরিকদের আগমনে বিপদ রয়েছে? উত্তরে সরকারি কৌঁসুলি বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত যে এমন বিপদ রয়েছে।
বিচারকেরা প্রেসিডেন্টের ক্ষমতার সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। প্রেসিডেন্ট কি চাইলেই মুসলিমদের আসতে না দেওয়ার নির্দেশ জারি করতে পারেন—এ প্রশ্নে সরকারি কৌঁসুলি বলেন, প্রেসিডেন্টের সে এখতিয়ার রয়েছে। সরকারি কৌঁসুলি বলেন, এটি কোনো ‘মুসলিম নিষিদ্ধকরণ নির্দেশ’ নয়।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের পক্ষে সওয়াল-জবাবে অংশ নেন সে রাজ্যের অ্যাটর্নি জেনারেল। আদালতের তৃতীয় বিচারক (জর্জ ডব্লিউ বুশ কর্তৃক নিয়োগকৃত) জানতে চান, এই নির্দেশে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয়েছে, সে কথার কী প্রমাণ আছে? জবাবে কৌঁসুলি বলেন, নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্প ‘মুসলিম নিষিদ্ধকরণের’ প্রস্তাব করেছিলেন। ট্রাম্পের উপদেষ্টা রুডি জুলিয়ানি জানিয়েছেন, প্রেসিডেন্ট তাঁর কাছে জানতে চেয়েছেন কীভাবে বৈধ পদ্ধতিতে মুসলিমদের আগমন নিষিদ্ধ করা সম্ভব। এই বিচারক মন্তব্য করেন, ধর্মীয় বৈষম্যের যে প্রমাণ দেওয়া হয়েছে তা দুর্বল, বিশেষ করে এ কথা যখন স্পষ্ট যে ইসলামি সন্ত্রাসের বিষয়টি অস্বীকার করা কঠিন।