আনন্দধ্বনির 'অচেনারে দেখা'

নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভানিয়ায় বসবাসরত দুই বাংলার শিল্পীদের স্বেচ্ছাশ্রমভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দধ্বনি ইউএসএ’ ১৮ নভেম্বর সন্ধ্যায় এক সংগীতানুষ্ঠানের আয়োজন করে অ্যাস্টোরিয়ার পিএস ২৩৪ স্কুলে। ১১ জন শিল্পী দুটি করে গান পরিবেশন করেন। শিল্পীরা হলেন প্রজ্ঞা বড়ুয়া, শফি চৌধুরী হারুন, মেরি স্টেলা শ্যামলী আহমেদ, দেবযানী দেবনাথ বর্ষা, তামি জাকারিয়া, ছন্দা নন্দী, ফাইয়াজ মুরশিদ কাজী, নীপা ভৌমিক, সুবর্ণা দে, বিদিশা দেওয়ানজী, ও সাইফুল্লাহ পারভেজ।
অনুষ্ঠানের শুরুতেই শিল্পীদের মঞ্চে ডাকলেন এবং অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বললেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হাসান ফেরদৌস। এরপর আনন্দধ্বনি ইউএসএর শিল্পীরা পরিবেশন করলেন সম্মেলক গান, ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’। বাংলাদেশের খ্যাতিমান শিল্পী সুবীর নন্দী সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্বজুড়েই বাংলা গান এখন হুমকির মুখে। এরপরেও যে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে থেকে যে শিল্পীরা শুদ্ধভাবে গান গাইতে চেষ্টা করছেন তাঁদের উদ্দেশে তিনি প্রণাম জানান।
গানের পর্ব শুরু হয় প্রজ্ঞা বড়ুয়ার গাওয়া রজনীকান্তের গান ‘তুমি নির্মল করো’ দিয়ে। এরপর তিনি গাইলেন রবীন্দ্র সংগীত ‘পথহারা তুমি পথিক পবনে’। প্রবীণ শিল্পী শফি চৌধুরী হারুন এরপর গাইলেন দুটি রবীন্দ্র সংগীত। ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ এবং ‘দিনগুলি মোর সোনার খাঁচায়’। তাঁর এদিনের পরিবেশনা সর্বাঙ্গ সুন্দর হতে পারেনি মাঝেই বাণী অস্পষ্ট হয়ে পড়ায়। তৃতীয় শিল্পী ছিলেন মেরি স্টেলা শ্যামলী আহমেদ। তিনি গাইলেন নজরুলের দুটি গান। প্রথমে গাইলেন ‘তোমারেই আমি চাহিয়াছি প্রিয়’ এবং পরে ‘কেমনে রাখি আঁখি বারি’।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পী দেবযানী দেবনাথ বর্ষা গাইলেন ‘তোমার খোলা হাওয়া’ এবং পরে ‘ওগো তোরা কে যাবি পারে’—এই দুটি রবীন্দ্র সংগীত। পরের শিল্পী ছিলেন তামি জাকারিয়া। তিনিও গাইলেন দুটি রবীন্দ্র সংগীত যথাক্রমে ‘বহে নিরন্তর আনন্দ ধারা’ ও ‘আমার এই পথ চলাতেই আনন্দ’। ‘আমি বহু বাসনায় প্রাণপণে চাই’ এবং ‘আমার মাথা নত করে দাও’—এই দুটি রবীন্দ্র সংগীত গাইলেন শিল্পী ছন্দা নন্দী। ফাইয়াজ মুরশিদ কাজীও গাইলেন দুটি রবীন্দ্র সংগীতই। প্রথমে ‘এমনি করেই যায় যদি দিন যাক না’ এবং পরে ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’।
অনেকক্ষণ রবীন্দ্র সংগীতের পর নীপা ভৌমিকের গাওয়া নজরুলের গান দুটি যেমন গায়নে তেমনি অনুভূতিতেও স্বাতন্ত্র্য দিল। ‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে’ গানটিতেই শিল্পীর আত্মনিবেদন শ্রোতাদের অন্তর স্পর্শ করেছিল। পরে ‘সখী আমি না হয় মান করেছিনু তোরা তো সকলে ছিলি’—এই কীর্তন গেয়ে আরও জমিয়ে তুললেন তিনি। সুবর্ণা দে’ এর পরে গাইলেন দুটি রবীন্দ্র সংগীত। প্রথমে ‘জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে’ এবং পরে ‘আনন্দধারা বহিছে ভুবনে’। বিদিশা দেওয়ানজী প্রথমে গাইলেন রবীন্দ্র সংগীত ‘দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি’; তাঁর দ্বিতীয় গান অতুলপ্রসাদের লেখা ‘আমি বাঁধিনু তোমার তীরে’। তিনি বুঝিয়ে দিয়েছেন চর্চায় তিনি নিয়মিত ও নিবেদিত। সবশেষ শিল্পী ছিলেন সাইফুল্লাহ পারভেজ। তিনি প্রথমে গাইলেন রবীন্দ্র সংগীত ‘মাঝে মাঝে তব দেখা পাই’ পরে ডি এল রায়ের ‘যেখানে সে দয়াল আমার’। ভালো গাইলেন তিনিও। অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণও করেছেন তিনিই; নিজের গাইবার সময় তাঁর অভাব অবশ্য দু একবার বোঝা গিয়েছিল।
যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায়ঃ পিনাকপাণি গোস্বামী, কী বোর্ডেঃ রিপন ও মন্দিরায়ঃ শহিদউদ্দিন।
অনুষ্ঠানটি সম্প্রতি প্রয়াত অর্থনীতিবিদ ও সাহিত্যিক ড. মাহফুজুর রহমানকে উৎসর্গ করা হয়।
প্রবাস জীবনের বাস্তবতায় সংস্কৃতির সাধনা অব্যাহত রাখা যেখানে প্রায় অসম্ভব সেখানে রুচিশীলতার সঙ্গে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন যদি অব্যাহত রাখা যায় তাহলে বাঙালি সংস্কৃতির নতুন মাত্রা সৃষ্টি হবে এ প্রত্যাশা অনুষ্ঠান শেষে দর্শকদের কেউ কেউ ব্যক্ত করছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার ছায়ানটের অনুষ্ঠান-ব্যবস্থাপনা-সংস্কৃতির অনুসরণ অনুষ্ঠানটিকে মোটামুটি গোছালো রাখতে সহযোগিতা করেছে যদিও গোপন সাহার উপস্থাপনা কোনো কোনো ক্ষেত্রে অনুষ্ঠানের সার্বিক গাম্ভীর্যকে নাড়িয়ে দিচ্ছিল।
অনুষ্ঠানের শেষে আনন্দধ্বনির পক্ষ থেকে সারথি সিকদার সবাইকে ধন্যবাদ জানান।