আনিস আহমেদের বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিস আহমেদের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করছেন অভিনেতা হাসান ইমাম ও অতিথিরা
আনিস আহমেদের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করছেন অভিনেতা হাসান ইমাম ও অতিথিরা

ভার্জিনিয়ায় আনিস আহমেদের কবিতার বই দুঃখ সুখের সূক্ষ্ম সুর এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর বাচিক শিল্পী, ভয়েস অব আমেরিকার সাংবাদিক ও কবি আনিস আহমেদের এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত অভিনেতা হাসান ইমাম।

ভার্জিনিয়ার মেসন ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্‌ক (ডুয়াফি) এই অনুষ্ঠানের আয়োজন করে। বেলা আড়াটায় ডুয়াফির প্রেসিডেন্ট রায়হান এলাহীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

শুভেচ্ছা বক্তব্যে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বলেন, আনিস আহমেদ ২০১৩ থেকেই নীরবে লিখে যাচ্ছেন। এক সময় তিনি কবিতার বই প্রকাশের মধ্যে দিয়ে নিজেকে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন।

অভিনেতা হাসান ইমাম বলেন, আনিস আহমেদের লেখার উপযুক্ত সময় এখন। তিনি লিখে যাবেন আমৃত্যু। আনিস আহমেদ লেখেন সমসাময়িক বাস্তবতা নিয়ে।

প্রধান আলোচক হিসেবে জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমীনুর রহমান বলেন, আনিস আহমেদ একজন সাংবাদিক। তাই প্রতিদিন বিভিন্ন ঘটনা তাঁর চোখে পড়ে। একটা সময় এই ঘটনাকে তিনি কবিতায় তুলে ধরেন।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী লায়লা হাসান বলেন, আনিস আহমেদের প্রতিটি কবিতায় আমাদের সমাজের একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে।

কবির সঙ্গে আলাপচারিতায় অংশ নেন স্থপতি আনোয়ার ইকবাল ও কুলসুম আরা খুকি।

অনুষ্ঠানে কবি আনিস আহমেদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, মূলত শাহবাগের গণজাগরণ মঞ্চ আমার কবিতা লেখার অনুপ্রেরণা। আমার কবিতায় প্রেম, জাগরণ, কঠিন বাস্তবতা এবং দ্রোহের আবেগ স্থান পায়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, আবৃত্তির সঙ্গে নৃত্য, রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি পরিবেশন করা হয়। কবি আনিস আহমেদের কবিতা আবৃত্তি করেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবিরুদ্দিন, মিজানুর রহমান খান, ফারজানা মুসাওয়ির, এ কে এম আসাদুজ্জামান, অদিতি সাদিয়া রহমান ও শাহনাজ ফারুক।

আবৃত্তির সঙ্গে নৃত্য করেন রোজ মেরী মিতু রিবেরু, আবৃত্তি করেন সোমা বোস। নজরুল সংগীত পরিবেশন করেন দিনার মনি ও দেবশ্রী মিত্র। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শামীমা জামান ও ডরোথি বোস। লালন গীতি পরিবেশন করেন রুমানা সুমি চৌধুরী এবং আধুনিক গান পরিবেশন করেন তাপস গোমেজ।

শেষে ডুয়াফির পক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।