আনিস আহমেদের 'দুঃখ সুখের সূক্ষ্ম সুর'
কিছু শব্দ, কিছু স্মৃতি, কিছু ভাবনা ও অনুভূতি হৃদয়ে জমাট বাঁধে। এক সময় এই অনুভূতি কথার স্রোত হয়ে তা নেমে আসে। শব্দের পর শব্দ বসে গড়ে ওঠে কথার ইমারত। সব শব্দের ইমারতই কবিতা নয়। সে এক অন্যরকম শৈলী, যা শুধু একজন কবিরই আয়ত্তে থাকে। তেমনই একজন কবি আনিস আহমেদ। প্রবাসেও বাংলা সাহিত্যের চর্চায় নিবেদিত এ কবির ৭৮টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ‘দুঃখ সুখের সূক্ষ্ম সুর’। ওয়াশিংটন ডিসির প্রকাশনা সংস্থা ‘স্বদেশ শৈলী’ থেকে বের হওয়া বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আশীফ এন্তাজ রবি।
ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র আনিস আহমেদ নানা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষকতা করেছেন। করেছেন সাংবাদিকতা। বর্তমানে তিনি ওয়াশিংটনের ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের একজন সাংবাদিক। লেখালেখির জগতে অভিষিক্ত হয়েছেন অনেক আগেই। কবি হিসেবে যাত্রা অত আগে না হলেও তাঁর সৃজন, কাব্যভাবনা ও ভাষা তাঁকে এরই মধ্যে পরিচিতি দিয়েছে।
আনিস আহমেদের ‘দুঃখ সুখের সূক্ষ্ম সুর’ কাব্যগ্রন্থে স্থান পাওয়া প্রতিটি কবিতাই গদ্যে লেখা। ছন্দের সুস্পষ্ট ঝংকার না পাওয়া গেলেও রয়েছে গদ্যের শক্তি ও রস। উপমা ও চিত্রকল্পের উপস্থিতি বেশ মুগ্ধকর, যাকে রবীন্দ্রনাথের ভাষায় ‘রিদমিক প্রোজ’ বলা যায় অনায়াসে। অধিকাংশ কবিতায় ক্রিয়াপদের অন্ত্যপ্রয়োগের চেয়ে মধ্য কিংবা প্রারম্ভ প্রয়োগ ও স্বল্প প্রয়োগের সৌকর্যের প্রাধান্য বিদ্যমান। তাঁর কবিতায় শব্দচিত্রের পর শব্দচিত্রের যে বিন্যাস, তাকে এক প্রচ্ছন্ন অর্কেস্ট্রার সঙ্গে তুলনা করা যেতে পারে। কিছু উদ্ধৃতি দেওয়া যাক—
‘তুমি এক আশ্চর্য নিস্পৃহতায়, নিশ্চুপ শুনে যাও কত কথার কথকতা তারপর যেন মূক- ময়নার মুখ গুঁজে রাখো নিজেরই নরম ডানার আড়ালে’ (এসো বৃত্তের বাইরে)
‘অক্ষরে অক্ষরে পসরা সাজাই তোমার প্রাত্যহিক পথেরই ধারে/ শান দিয়ে রাখি শব্দগুলোকে এতটাই যে তোমার চিত্তে জাগাক চমক’ (শব্দ নেবে গো, শব্দ)
‘কেন আসো না বেরিয়ে সযত্নে লুকানো ব্যথার মোড়ক থেকে/ সুরেই তো পেয়ে যাও জানি সমূহ সুখের নান্দনিক ঠিকানা’ (দুঃখ সুখের সূক্ষ্ম সুর)
কবিতায় কোনো ক্ষেত্রে কবি ধারণ করেন উত্তাল আবেগ, কখনো আবেগ উচ্চণ্ড অথচ বিষাদ। মাঝামাঝি পর্যায়ে আবেগ শাসিত। তাঁর কবিতায় ব্যক্তি বিষাদ গিয়ে মিশেছে বিশ্ব-বিমর্ষতায়। মুক্ত অক্ষরবৃত্ত আর শেষ দুই চরণের অন্ত্যমিলে কবির স্বচ্ছন্দ বোধ স্পষ্টতর। রয়েছে অনুপ্রাসের চমকও।
‘শব্দেরা কবে বিস্তৃত হয়ে, বাক্য হয়ে উঠবে জানিনে/ অস্ফুট ধ্বনি পুষ্পিত হবে না, সেও তো আমি মানিনে।’ (অনুশব্দের অন্তর অনুসন্ধান)
‘তুষারে আবৃত পাহাড় পেরিয়ে প্রেমিক খুঁজেছে উষ্ণ আলিঙ্গন/ কালবৈশাখী ঝড়ের দাপটে, ভাঙেনি কখনও প্রেয়সীর প্রিয়মন।’ (অনুভবে অভিন্নতা অনুক্ষণ)
কবিতাগুলোর মূল সৌন্দর্য শব্দালঙ্কারের ব্যবহারে। কবি অত্যন্ত সুকৌশলে ভিন্ন ভিন্ন ধ্বনি সুষমা সৃষ্টি করেছেন। আনিস আহমেদ ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়ায় তিরিশের কবিদের মতো রোমান্টিক কাব্যশৈলীকেই আশ্রয় করেছেন বলে মনে হয়। প্রচলিত বহু শব্দকে তিনি দারুণ দক্ষতায় ব্যবহার করেছেন।
‘মোহমন্ত্র ভালোবাসার মদ্যপানে ব্যতিব্যস্ত এ হৃদয়ে/ বিকল্প বিভ্রান্তির বীভৎস ছবি আঁকে বিস্ময়কর নির্লিপ্ততায়।’ (বসবাস, অভিন্ন এক বিশ্ববাসায়)
‘অক্ষরের অক্ষ রেখায় ঘুরি বারবার একই বিন্দুতে/ শব্দের দামে কখনও কিনে ফেলি অমূল্য সে হৃদয়/ সিঁদকেটে কখনও ঢুকি অন্তরের অন্দরমহলে/ আলোছায়ায় দেখি, দ্বিধায় বিভক্ত সে মন।’ (কোমল আলোয় জ্বলার জ্বালা)
‘দুঃখ সুখের সূক্ষ্ম সুর’ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা একটি আরেকটি থেকে আলাদা। জীবনের বহুকৌণিক সৌরভ ও অভিজ্ঞতার বিভাযকে ছেঁড়া ছেঁড়া ঘটনাচিত্রের মাধ্যমে কাব্যিক কাঠামোতে জোড়া দিয়ে নির্মিত কবিতায় উঠে এসেছে প্রেম, বিমুগ্ধ বেদনার শান্তি, বিষণ্নতা, প্রকৃতি, রহস্য, বিরহ, স্বপ্ন-দুঃস্বপ্ন, আত্মকথন সর্বোপরি আত্মদর্শন। ‘এখন ও একদা’ শীর্ষক কবিতায় লিখেছেন—
‘এইতো সেদিন বাগানজুড়ে ছিল জুঁইয়ের সুগন্ধ চতুর্দিক,/ এখন কেন তবে ফুলবিহীন ফণী-মনসা উঁকি মারে উঠোনে প্রতিদিন।’ (এখন এবং একদা)
উত্তরাধুনিক কবি হিসেবে আনিস আহমেদ তাঁর সযত্নে নির্মিত কাব্য রচনায় প্রসঙ্গ ও আঙ্গিকের শর্ত ও সত্যকে অনুধাবন করেছেন। আধুনিকতার অবক্ষয়ের বিপরীতে সচেতন থেকে বিকল্প ভাষাশৈলীর খোঁজে কবি আনিস আহমেদ একটি বিকল্প চেতনার বাহক হয়ে হাজির হয়েছেন। আধুনিকতার ভাষাগত সীমাবদ্ধতার বর্গ ভেঙে সম্মত ও প্রাকৃত ভাষায় রচিত তাঁর কবিতা বহুবর্ণে বিচিত্র উত্তরাধুনিক পথ অতিক্রমের সুরে গান করে চলেছে।