আনোয়ারা আমানের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

নজরুল একাডেমি অব নিউইয়র্কের উদ্যোগে ‘ভালোবাসো মোর গান’ শিরোনামে আনোয়ারা আমান আনার একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমি অব নিউইয়র্কের সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। শিল্পীর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন কাজী জহিরুল ইসলাম। আনোয়ারা আমান কৃষ্ণা আচার্য্য, ওস্তাদ ফুল মোহাম্মদ, সুধীন দাস, ইন্দ্রমোহন রাজবংশী, আহসান মুর্শেদ ও সালাহউদ্দীন আহমেদের কাছ থেকে গান শিখেছেন।
নজরুল সংগীতের দিকে আনোয়ারা আমানের ঝোঁক থাকলেও তিনি নানা ধরনের গান করেন। দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা তোর’ দিয়ে তিনি অনুষ্ঠান শুরু করেন। এরপর নজরুলের গান ‘মসজিদেরই পাশে আমায়’ ও রবীন্দ্র সংগীত ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ ও ‘আমায় গেঁথে দাও না মাগো’ পরিবেশন করেন। এরপর শিল্পী বিশেষ শিশুদের জন্য তাঁদের গড়ে তোলা প্রতিষ্ঠান ‘চাইল্ড ফাউন্ডেশন’ সম্পর্কে কথা বলেন।
এর পর পরিবেশন করেন ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’। শিল্পীর গাওয়া নানা ধরনের গান দিয়ে সাজানো অনুষ্ঠানটি দেখতে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।