আপতত নিরাপদ প্রেসিডেন্ট ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্প ২১ জুন বুধবার উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা জয় করে চলেছি। আমাদের জয় অব্যাহত থাকবে।’
সব ভ্রুকুটি উপেক্ষা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের জয়যাত্রা ঠিকই অব্যাহত রয়েছে। ২০ জুন দুটি বিশেষ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিজয়ীর বেশে আইওয়া রাজ্যে নির্বাচনী প্রচারের মতো বক্তব্য দিয়েছেন। আমেরিকার রাজনীতিতে ডেমোক্র্যাট দল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝোড়ো হাওয়ায় ধসে পড়া অবস্থা থেকে যেন আর দাঁড়াতেই পারছে না। ট্রাম্পের হোয়াইট হাউস দখলের পর চারটি বিশেষ নির্বাচনে কোনো চমক দেখাতে পারেনি ডেমোক্র্যাট দল। টানা পরাজয়ের গ্লানি নিয়ে ডেমোক্র্যাটরা হতাশ করেছে তাদের সমর্থকদের। চরম বিতর্ক আর বিভেদের জন্ম দিয়ে, প্রভাবশালী মিডিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, পশ্চিমা মিত্রদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেও প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে যাচ্ছেন তাঁর মতো করেই। তাঁর সমর্থকেরা সরে দাঁড়ায়নি। শ্বেতাঙ্গ আমেরিকানদের সঙ্গে, মধ্যবিত্তদের সঙ্গে সংযোগহীন এক অনিশ্চিত যাত্রাপথে যেন ঘুরপাক খাচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামা পরবর্তী ডেমোক্র্যাট পার্টি।
ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিকভাবেই অজনপ্রিয় প্রেসিডেন্ট। আর কংগ্রেসে রিপাবলিকানরা তাদের অজনপ্রিয় কর্মসূচি নিয়ে এগোচ্ছে। এ ধরনের অপূর্ব সুযোগে ডেমোক্র্যাটরা স্বাভাবিকভাবেই নিজেদের ফুরফুরে উদ্যমী শক্তিমান মনে করার কথা। কেউ কেউ মনে করেন ২০১৮ সালে ডেমোক্র্যাট প্রার্থীরা তাঁদের নির্বাচনে এলাকায় একচেটিয়া বিজয়ী হতে পারেন।
২০১৬ সনে ব্যর্থতার গ্লানি ডেমোক্র্যাটরা ২০১৮ সালে কীভাবে মুছবেন? সে সাফল্য কীভাবে উদ্ধার করবেন?-এ নিয়ে চলছে নানা সংশয় আর বিশ্লেষণ। ২০১৮ সালে ডেমোক্র্যাটদের লক্ষ্য হবে দেশ বাঁচানো। দলকে পুনর্গঠন করার মধ্য দিয়ে তাদের দেশ বাঁচানোর আওয়াজ তুলতে হবে। বিশ্লেষকেরা মনে করছেন, ডেমোক্র্যাট দল সুনির্দিষ্ট কর্মকৌশল নির্ধারণ না করলে, সঠিক পরিকল্পনা না করলে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার স্বপ্ন অলীকই থেকে যাবে।
গত ৬০ বছরে মাত্র তিনবার প্রতিনিধি পরিষদে ক্ষমতার হাত বদল হয়েছে। হয়েছে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে। এর ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল থেকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ অন্যদিকে ছুটে যায়। ১৯৯৪ ও ২০১০ সনের নির্বাচনী প্রচারে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও দলের বিরুদ্ধে আক্রমণের মূল বিষয় ছিল হেলথ কেয়ার। ২০০৬ সনে দলীয় অযোগ্যতা ও দুর্নীতি গণভোটে পরিণত হয়। মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে মারাত্মক বিপর্যয় ঘটেছিল ১৯৭৪ সনে। মনে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তেমন পরিস্থিতির দিকেই দেশকে নিয়ে যাচ্ছেন।
ডেমোক্র্যাটরা সুস্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে শুধুই মনে করা হচ্ছে। এমনকি কিছু রক্ষণশীলরা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প তাঁদের নির্বাচনের জন্য বোঝা হয়ে আবির্ভূত হবেন। ট্রাম্প রিপাবলিকানদের বিজয়কে ঝুঁকির মুখে ঠেলে দেবেন। তাঁকে নিয়ে রিপাবলিকানরা চলতে পারবেন না।
ডেমোক্র্যাটরা তাদের নির্বাচনী ভিত্তিকে সুদৃঢ় করার জন্য সময় ক্ষেপণের প্রয়োজন নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ২০১৮ সালের নির্বাচনের জন্য সর্বাধিক তহবিল সংগ্রহ করার তাগিদ শুরু হয়েছে। আগামী নির্বাচনে রিপাবলিকানরা আশাহত ভোটারদের সমর্থন ফিরে পেতে মরিয়া হয়ে কাজ করবে। এদের মনোযোগ আকর্ষণে ডেমোক্র্যাটদের পর্যাপ্ত সুযোগ রয়েছে। হেলথ কেয়ার ও ধনীদের কর হ্রাসের বিষয়টি কর্মজীবী ভোটাররা বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করে। এ শ্রেণিই মূলত ট্রাম্পকে হোয়াইট হাউসে অধিষ্ঠিত করেছে। কর্মজীবী মানুষের ক্ষোভকে ডেমোক্র্যাটরা কাজে লাগাতে পারে।
গত মঙ্গলবার কংগ্রেসের খালি হওয়া জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দুইটি নির্বাচনে হেরে যাওয়ার পর ডেমোক্র্যাট দল বলছে, তাদের ‘নৈতিক বিজয়’ হয়েছে। তারা এমনটা মনে করলেও এভাবে চলতে থাকলে দলটির জন্য বন্ধুর আগামী অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছে। ডেমোক্র্যাট দল নির্ভর করছে ইতিহাসের ওপর। প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল-ভ্রান্তি তাদের ক্ষমতায় নিয়ে যাবে, এমন প্রত্যাশায় যে ডেমোক্র্যাটরা দিন গুনছেন তাঁদেরও এখন নড়ে চড়ে বসতে হচ্ছে।
বদলে গেছে আমেরিকার রাজনীতি। কিছুই আর আগের মতো ঘটছে না। আমেরিকার সমাজ জীবনে, ভাবনায়, চেতনায় যে নীরব পরিবর্তন ঘটছে, তা এখনো ডেমোক্র্যাটরা বুঝে উঠতে পারেননি বলে হচ্ছে।
নিজের ভুলে প্রেসিডেন্ট ট্রাম্প ধরাশায়ী হবেন, ইমপিচ হয়ে যাবেন, এমন কথা এর মধ্যে বহুবার শোনা গেছে। একের পর এক তদন্ত, হঠকারিতা, আস্ফালন দিয়ে ওয়াশিংটন মাতিয়ে রাখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পরিবর্তিত ভিন্ন ধারার প্রতিনিধিত্ব করছেন। অচেনা এ ধারাটিকে চিহ্নিত না করা পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ধরাশায়ী করা সম্ভব না বলেই প্রতীয়মান হচ্ছে।