আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা

আটলান্টিক সিটিতে ২০ জুন ছিল দ্বাদশ গ্রেডের বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের দিন। ওই দিন সকালে আটলান্টিক সিটি হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত প্রায় চার শ শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয় হার্ডরক ক্যাসিনোর বিশাল মিলনায়তনে।
গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়াদের মধ্যে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। সকাল থেকেই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উত্তরসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের জয়জয়কার।
এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি বংশোদ্ভূত দুই কৃতি শিক্ষার্থী অরিত্র চৌধুরী ও ঋত্বিক মজুমদার। তাঁরা মেধার স্বীকৃতি হিসেবে সেরা দশের তালিকায় যথাক্রমে তৃতীয় ও সপ্তম স্থান করে নিয়েছেন। এই দুই কৃতি শিক্ষার্থীর পাশাপাশি আঁচল সেনগুপ্ত, এরিয়া রহমান, আদনান আকরাম, ফেরদৌসী আখতার, ইসরাত জেবিন প্রমুখের কৃতিত্বপূর্ণ ফলাফলও কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। এই শিক্ষার্থীরা তাঁদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেছে।
এসব কৃতি শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।