আপনার প্রস্তাব জানতে আগ্রহী
এবার দেশে যাওয়ার আগেই ইচ্ছা ছিল সুযোগ পেলে রেলে চড়ব। দেশে গেলে এমনিতেই সিলেট-ঢাকা রুটে কমপক্ষে তিন-চারবার যাতায়াত করতে হয়। সে যাতায়াতে প্রাথমিক পছন্দ থাকে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী বিলাসবহুল ও আরামদায়ক বাস। দেশে বেশ কয়েকটি নামীদামি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিলাসবহুল বিদেশি বাসে ভ্রমণ মন্দ হয় না। যদিও অনেক প্রিয়জনের তির্যক মন্তব্য থাকে, আমেরিকা থেকে এসে সাধারণের মতো বাসে যাতায়াত নাকি আমাদের মানায় না। অথচ আমি তাদের বোঝাতে ব্যর্থ যে, আমি একজন সাধারণ খেটে খাওয়া আমেরিকান, যাদের খুবই হিসাব করে নির্দিষ্ট আয়ে সংসার চালাতে হয়। বিদেশে বাসের ব্যয় দেশের তুলনায় অনেক বেশি। তার ওপর আমেরিকার বাণিজ্যিক নগরী নিউইয়র্কে জীবনধারণের ব্যয় অন্যান্য শহর থেকে গড়ে প্রায় ২১ শতাংশ বেশি। নিউইয়র্কে যেখানে আমরা শ্রমজীবীরা বেশির ভাগ সময় গণপরিবহন যেমন বাস, সাবওয়ে ও ট্রেনে চলাচল করি, সেখানে মাত্র কয়েক দিনের জন্য বেড়াতে এসে জরুরি কারণ ছাড়া বিমানে চড়ে মূল্যবান সঞ্চয়ের অপচয় করার কোনো মানে হয় না।
তা ছাড়া বৃহদাকার বাসের গতি অনেকাংশে কম এবং সহনীয় পর্যায়ে থাকে বলে ভ্রমণ অনেকাংশে নিরাপদ ও আনন্দদায়ক। এবার মূল বিষয়ে আসি। রেলযোগে সিলেট যাওয়ার ইচ্ছা প্রকাশ করামাত্রই নিকটাত্মীয়সহ স্বজনদের তীব্র বিরোধিতাপূর্ণ মন্তব্য কানে আসতে লাগল। অভিযোগের তালিকা অনেক দীর্ঘ। যেমন, ট্রেন চলাচলে নিরাপত্তার অভাব, আরামদায়ক আসনের অপ্রতুলতা, সঠিক সময়ে ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার অনিশ্চয়তা ইত্যাদি। বিস্তারিত শুনে মনে একটি ধাক্কা খেলাম। সঙ্গে সঙ্গে নিজের মনে হাজারো প্রশ্ন এসে ভিড় করল। সবচেয়ে আশ্চর্য হলাম, যখন শুনলাম ঢাকা-সিলেট রেললাইনের প্রধান দুটি সেকশনের গুরুত্বপূর্ণ সেকশন ঢাকা-আখাউড়া লাইনের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশি আগ্রহী ও সচেষ্ট থাকলেও পরবর্তী অংশের রক্ষণাবেক্ষণে রেল কর্তৃপক্ষ প্রচণ্ড অনীহ। এর ফলে আখাউড়া-সিলেট সেকশনের অনেক স্থানের রেললাইন বর্তমানে বেশ নড়বড়ে এবং বিপজ্জনক অবস্থায় উপনীত হয়েছে।
রেল ভ্রমণে নিরুৎসাহী করাদের কেউ কেউ জানালেন, আলোচিত সেকশনের কোনো কোনো স্থানের রেল স্লিপার সাধারণ বাঁশ দিয়ে অস্থায়ী মেরামত করে রাখা হয়েছে। সিলেটে রেল ভ্রমণে এমনতর হরেক রকমের নেতিবাচক মন্তব্য শোনার পর মন বেশ খারাপই হলো। কারণ, আশি ও নব্বই দশকে ঢাকা-সিলেট যাতায়াতে সড়কপথের পাশাপাশি রেলপথও সমান জনপ্রিয় ছিল। সেই সময়ে রাজধানীর সঙ্গে যোগাযোগে রেলের জনপ্রিয় একটি সার্ভিস ছিল পারাবত এক্সপ্রেস। দ্রুতগামী এই রেল সার্ভিস সিলেট-ঢাকা রেলপথে মাত্র তিনটি স্টেশনে বিরতি নিত। এরও আগে সিলেট-আখাউড়া রেল সেকশনে শুধু ঢাকামুখী ট্রেন চলাচলের পাশাপাশি সিলেট-চট্টগ্রামসহ সিলেট-চাঁদপুর পর্যন্ত রেল চলাচলে উল্লেখযোগ্য কোনো অভিযোগ কানে আসেনি। এই অঞ্চলের রেলের ইতিহাস বছর পাঁচ কিংবা ১০/১৫ বছরের নয়।
সিলেট অঞ্চলে রেলের যাত্রা শুরু প্রায় ১৩০ বছর আগে ১৮৯২ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির ব্যবস্থাপনায়। সিলেট জেলায় ব্রিটিশদের আগমন এবং বসতি স্থাপনের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে বিশেষ একটি কারণ ছিল চা বাগান প্রতিষ্ঠা ও এর একচেটিয়া বাণিজ্য। এর শুরু সতেরো শতাব্দীর মাঝামাঝি সময় থেকে। ব্রিটিশ আর্কাইভসূত্রে প্রাপ্ত তথ্যমতে, ১৮০০ শতকের শুরুতে শুধু জয়ন্তীয়া রাজ্য এলাকায় ১১টি চা বাগান ছিল। এর মধ্যে সিলেটের বাবু জুয়ারমল তৃষ্ণীয়াল নামক একজন বস্ত্র ব্যবসায়ী মাত্র একটি বাগানের মালিক ছিলেন। বাকি ১০টি বাগানের মালিক ছিলেন ব্রিটিশরা। এসব চা বাগান এলাকার মোট ভূমির পরিমাণ ছিলে প্রায় ১৪ হাজার একর, যেখানে আনুমানিক সাত হাজার শ্রমিক নিয়মিত কাজ করতেন। সংশ্লিষ্ট আরও অনেক এলাকা যেমন, কুলাউড়ার পূর্ব সীমান্ত থেকে শুরু করে হবিগঞ্জ জেলার পাহাড়িয়া অঞ্চলে প্রচুর চা বাগানের পত্তন হয় ব্রিটেন থেকে আগত চতুর ব্যবসায়ী ইংরেজদের দ্বারা। মূলত তাদের জোর প্রচেষ্টায় বাণিজ্যিক কারণে রেলপথের সূচনা হয়। রেললাইন স্থাপনের কাজ ১৮৯২ সালে শুরু হয়ে ১৮৯৯ সাল পর্যন্ত পূর্ণোদ্যমে চলে।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে সিলেট জেলাকে দক্ষিণে রেখে আসামের বদরপুর পর্যন্ত ২৫৩ মাইল রেললাইন স্থাপিত হয়। মজার বিষয় হচ্ছে, বর্তমানে আসাম রাজ্যের অন্যতম রেলজংশন শহর বদরপুর ছিল সিলেট জেলার অন্তর্ভুক্ত। সিলেট জেলার কেন্দ্রস্থল রেল যোগাযোগে সংযুক্ত ছিল না বিধায় ফেঞ্চুগঞ্জ স্টেশন থেকে সিলেট, তথা শ্রীহট্ট পর্যন্ত ঘোড়ার গাড়ি চলত। এই রেললাইন স্থাপন ও এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণের নিয়ম-নীতি স্থায়ীভাবে যিনি শুরু করেন, তার নাম বসওয়েল পারকিনসন মিলসম (১৮৯২-১৮৯৬)। শুধু তাই নয়, বন্দর থেকে পাহাড়িয়া চা বাগান সমৃদ্ধ জনপদ বদরপুর পর্যন্ত ৭৭৫ মাইল এই বাণিজ্যিক রেলপথে ছিল অসংখ্য ব্রিজ-কালভার্ট ও ছোট-বড় কয়েকটি সুড়ঙ্গ, যার নকশা ও তদারকি তিনি একাই করেন। শুধু তৎকালীন সিলেট মহকুমার সীমানার অভ্যন্তরে রেলস্টেশন ছিল ২২টি। সেসব স্টেশনের নকশা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আসাম-বেঙ্গল রেলের প্রধান নির্বাহী বসওয়েলের ওপর।
অথচ আখাউড়া-কুলাউড়া-সিলেট সেকশনের মোট দূরত্ব মাত্র ১১০ মাইল, যা কিলোমিটারে দাঁড়ায় ১৭৮। এই পথ বর্তমানে জরাজীর্ণ ও বিপৎসংকুল; সর্বোপরি রেল চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। দীর্ঘ এই রেলপথের কিছু স্থানে লোহার তৈরি পাতের পরিবর্তে বনজঙ্গলের বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে রেলপথকে চালু রাখা হয়েছে। আমার ভয় হয় কোনো কারণে যদি ব্রিটিশ প্রকৌশলী বসওয়েল নিজের তৈরি করা রেলপথ পরিদর্শনে আসেন, তাহলে তিনি কী করবেন, তাই ভেবে।
এ অঞ্চলের রেলপথ, স্টেশনসহ সামগ্রিক অবস্থার এই বেহাল দশার জন্য আরও অনেক কারণ থাকতে পারে; যেমন, তহবিলের স্বল্পতা বা কারিগরি পরামর্শকের অভাব। কিন্তু সুখের সংবাদ হলো বর্তমান সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্য শুনলে কিন্তু একবারের জন্যও এমনটি মনে হয় না। তা হলে সমস্যা বা ঘাটতি কোন জায়গায়? এটি জানতে ব্যাপক অনুসন্ধানের প্রয়োজন। যদি কোনো কারণে এসব পদক্ষেপ নিতে কারও অনীহা থাকে বা প্রশাসনিক বাধা থাকে, সে ক্ষেত্রে একমাত্র সমাধান হলো আজ থেকে দেড় শ বছর আগে এ অঞ্চলের একমাত্র ও দীর্ঘ রেললাইনসহ সব সংশ্লিষ্ট স্থাপনা সফলভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণের একক কৃতিত্বের অধিকারী বসওয়েল পারকিনসন মিলসমকে রেল বিভাগের প্রধান প্রকৌশলী পদে ফিরিয়ে আনুন। আমি অন্তত এ ছাড়া আর কোনো গত্যন্তর দেখি না। এর বাইরে কারও যদি কোনো প্রস্তাব থাকে, তা জানতে আমরা আগ্রহী।