‘আপসের জন্য পুতিনকে প্রস্তুত মনে হচ্ছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ছবি: এএফপি

ইউক্রেন যুদ্ধের অবসানে আপস করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সোমবার এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহের বেশি সময় পর মুখোমুখি শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধের অবসানে আপসের জন্য পুতিনকে প্রস্তুত মনে হচ্ছে না বলে এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে মন্তব্য এল।

শান্তি আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকে বসার কথা রয়েছে। এই আলোচনার আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমি যা দেখেছি, তা হলো তিনি (পুতিন) এই মুহূর্তে আপস করতে রাজি নন।’

ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া এ আলোচনায় বড় কোনো অগ্রগতি অর্জিত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন ইউক্রেনের কর্মকর্তারা।

গত রোববার প্রচারিত এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে তাঁর দেশ একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনায় প্রস্তুত। তবে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে। আর এই চুক্তি রক্ষার বিষয়টি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে জেলেনস্কি এ কথাও বলেছেন, যুদ্ধবিরতি ও রুশ সেনা প্রত্যাহার ছাড়া কোনো শান্তিচুক্তি সম্ভব হবে না।

রাশিয়া বলছে, তারা প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। তবে এসব আলোচনায় বড় কোনো অর্জন নেই।